৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩ জুন বৃহস্পতিবার। এ উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তার বাণীতে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে তীব্রতর করে গণবিরোধী সরকারের পতন সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সে সফররত শেখ হাসিনা তার পাঠানো বাণীতে বলেন, ২০০১ সালের কারচুপি ও অপকৌশলের নির্বাচনে বিএনপি-জামাত জোট তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকারের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট দেশকে পিছিয়ে নিতে চায় প্রাক-স্বাধীনতার অন্ধকার সময়ে। ক্ষমতাসীন জোট আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে উদ্যত। হত্যা-গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়ন আমাদের দলের নেতাকর্মীদের নিত্যদিনের সঙ্গী।
শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট আমাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। আল্লাহর অশেষ রহমত আর নেতাকর্মীদের প্রাণের বিনিময়ে আমি বেঁচে যাই। কিন্তু আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়।
তিনি বলেন, ইতোমধ্যে বিএনপি-জামাত জোট সরকার হত্যা করেছে সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার, সাবেক সংসদ সদস্য মমতাজউদ্দিন ও অ্যাড. মঞ্জুরুল ইমামসহ দলের জনপ্রিয় নেতা ও সংগঠকদের।
শেখা হাসিনা বলেন, দেশবাসীর বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে জোট সরকার। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত খুন, সন্ত্রাস, হত্যা, অপহরণ, ডাকাতি, দখল, দলীয়করণ ও আত্মীয়করণ, লুটপাট, রাহাজানি, অসহনীয় দ্রব্যমূল্য ও অর্থনৈতিক মন্দা জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে, ২৩ জুন সকাল সাতটায় ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় প্রতিনিধি সমন্বয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবন পর্যন্ত গণমিছিল।
এছাড়া ২৫ জুন বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফ্রান্স সফররত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেখানে অনুষ্ঠেয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালায় অংশ নেবেন বলে দলীয় সূত্র বিডিনিউজকে জানায়।
