মানি লন্ডারিং মামলায় বিদিশাকে সাত দিনের জন্যে চিকিৎসকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত
বিদেশে ২১ কোটি টাকা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় বিদিশাকে সাত দিনের জন্যে একজন চিকিৎসকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
মুখ্য মহানগর হাকিমের আদালতে মঙ্গলবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জহিরউদ্দিন আহমেদ বিদিশার স্বাস্থ্য স্বাভাবিক বলে আদালতে প্রতিবেদন পাঠান। সোমবার মহানগর হাকিম বিদিশার স্বাস্থ্য সম্পর্কিত প্রতিবেদন পাঠাতে আদেশ দিয়েছিলেন।
বিকেল পাঁচটায় আদালতে স্বাস্থ্য সম্পর্কিত প্রতিবেদন নিয়ে আসেন গুলশান থানার দারোগা ফারুক। এ প্রতিবেদনকে ভিত্তি করে মানি লন্ডারিং মামলায় তদন্তকারি কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কিনা, এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
মহানগর হাকিম এম এ সালামের আদালতে বিদিশার আইনজীবী কামরুজ্জামান মাহবুব তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদ সংক্রান্ত দরখাস্তটির শুনানি মুলতবী রাখার প্রার্থনা করেন। আদালতে তিনি বলেন, মঙ্গলবার হাইকোর্টে মানি লন্ডারিং মামলায় মহানগর দায়রা জজের ২০ জুন দেওয়া জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে একটি ফৌজদারি বিধির মামলা দায়ের করা হয়েছে। দরখাস্তে মানি লন্ডারিং মামলায় বিদিশার জামিন চাওয়া হয়েছে। দরখাস্তটি বুধবার হাইকোর্টের শুনানির তালিকায় আসবে। সুতরাং, আজকের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত শুনানি মুলতবী রাখা হোক।
তিনি আরও বলেন, এ মুহূর্তে এ মামলার তথ্য উদ্ঘাটনের জন্যে জরুরি কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি। মামলাটি যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন, তাই উচ্চ আদালতের প্রতি সম্মান দেখিয়ে আজকের শুনানি মুলতবী রাখা হোক। বিদিশা প্রিজন সেলে অন্তরীণ আছেন। তিনি সেখানে অসুস্থ অবস্থায় আছেন বলে আইনজীবী দাবি করেন।
এ বক্তব্যের বিরোধিতা করে কোর্ট ইন্সপেক্টর মান্নান বলেন, ডাক্তারি রিপোর্ট স্বাভাবিক, তাই বিদিশাকে জিজ্ঞাসাবাদের জন্যে আদালত নির্র্দ্বিধায় আদেশ দিতে পারেন।
এদিকে, মানি লন্ডারিং মামলার তদন্ত কর্মকর্তা বিভিন্ন ব্যাংকের চেক নম্বরসহ টাকার পরিমাণের একটি তালিকা আদালতে পাঠিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় মেডিকেল বোর্ড বিদিশার স্বাস্থ্য পরীক্ষা করেন। বোর্ডে ছিলেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক তোফায়েল প্রমুখ।
