আমরা কখনই মুসলমানদের বিরুদ্ধে নই: আরএসএস প্রধান সুদর্শন
ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান কে. সুর্দশন বলেছেন, সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই ভারতের সঙ্গে অন্যান্য প্রতিবেশি দেশের বিরাজমান সীমান্ত সমস্যার জন্য দায়ী। তিনি বলেন, সীমান্ত সংকটই আজ ভারতের জন্যে সবচেয়ে বড় সমস্যা।
আরএসএসের ছাত্র সংগঠন অবধ প্রান্ত আয়োজিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’ উপলক্ষে সুদর্শন লক্ষেèৗতে আসেন। সেখানে তিনি সিফি নিউজ এজেন্সিকে এক সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের সারসংক্ষেপ উপস্থাপন করা হল:
প্রশ্ন: আপনি কেন নেহেরু পরিবারের সমালোচনা করেন?
উত্তর: আমি সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একজন কড়া সমালোচক। আজকের ভারতের অনেক সমস্যার জন্যে দায়ী নেহেরুর ক্ষমতার লোভ। এমনকি সীমান্ত সমস্যাও এ কারণে সৃষ্টি হয়েছে। নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং লাল বাহাদুর শাস্ত্রী নেহেরুর চেয়ে অনেক অনেক ভাল মানুষ ছিলেন।
প্রশ্ন: ইন্দিরা গান্ধী সম্পর্কে আপনার মতামত কী?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকার জন্য তিনি অবশ্যই কৃতিত্ব পাওয়ার যোগ্য। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা ও স্বাধীন নারী। কিন্তু আমি তার জরুরি অবস্থা ঘোষণার পক্ষে ছিলাম না।
প্রশ্ন: জিন্নাহ সম্পর্কে আদভানির বক্তব্যের ব্যাপারে আপনার অভিমত কী?
উত্তর: আমি আদভানি সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন-নিখাদ সাম্প্রদায়িক। তিনি সেই ব্যক্তি, যিনি এক সময় হুংকার দিয়েছিলেন সিন্ধু ভূমি হিন্দুদের রক্তে স্নাত করা হবে। তিনি তার কথা রেখেছিলেন।
তিনি একটি ইসলামি রাষ্ট্র তৈরি করেন, যদিও বামপন্থীরা তাকে ধর্মনিরপেক্ষ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তিনি হলেন দেশ বিভাজনের পেছনে মূল ব্যক্তি। তিনি ভারত বিদ্বেষী নীতির প্রবক্তা। জিন্নাহর কর্মকাণ্ড অবশ্যই নিরপেক্ষভাবে দেখতে হবে। তার কথাবার্তা কূটনৈতিক মিথ্যাচার ছাড়া অন্য কিছু নয়।
প্রশ্ন: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মুসলিম বিদ্বেষী কেন?
উত্তর: আমরা কখনই মুসলিম বিদ্বেষী নই। তবে আমরা মুসলিমদের বলতে চাই, তোমরা মক্কা ও মদীনায় অবশ্যই যাবে, কিন্তু যখন প্রয়োজন, তখন দেশের জন্যে আত্মবলিদান দিতে দ্বিধা করবে না।
প্রশ্ন: আপনি মুসলিমদের সংখ্যালঘু বলার বিপক্ষে কেন?
উত্তর: ভারতে মুসলিমদের সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয়, কোনও আরব দেশেও এত মুসলিম নেই। ইন্দোনেশিয়ার পরেই ভারতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর বাস। উপরন্তু, তারা ভারতের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। পার্সি ও ইহুদীদের সংখ্যালঘু বলা যায়, মুসলিমদের নয়।
প্রশ্ন: হুয়িরাত নেতাদের পাকিস্তান সফরের নিন্দা করলেন কেন?
উত্তর: বৈধ দলিল ছাড়া হুরিয়াত নেতাদের পাকিস্তান সফর কখনই গ্রহণযোগ্য হতে পারে না। পাকিস্তান সমগ্র কাশ্মির নিয়ন্ত্রণ করতে চায়। ভারত এটা বুঝতে অক্ষম। এক্ষেত্রে আমি বলব, পাকিস্তান কখনই শান্তি চায় না। আমরা যদিও বলে যাচ্ছি, পাকিস্তান শান্তি চায়।
প্রশ্ন: আপনি প্রায়ই বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু ১৯৮৫ সাল পর্যন্ত জীবিত ছিলেন। কিসের ভিত্তিতে এ কথা বলেন ?
উত্তর: হ্যাঁ, নেতাজী ১৯৮৫ সাল পর্যন্ত জীবিত ছিলেন। শাহারানপুরে তিনি গুমনামি বাবা নাম ধারন করেছিলেন। আমি জানি, আরএসএস নেতা গুরু গোলওয়ারকারজির সাথে তার পত্র যোগাযোগ ছিল।
