বুধবার নরসিংদী উপনির্বাচন, প্রস্তুতি সম্পন্ন
বুধবার নরসিংদী-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত পুলিশ বাহিনীর সাথে ৩০০ সেনা সদস্য ও ১৫০ বিডিআর সদস্য নিয়োজিত থাকবে।
এছাড়াও নির্বাচনের সময় যে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মোকাবেলার জন্যে ৪১টি স্থায়ী ও ১৫টি ভ্রাম্যমাণ টিমকে রিজার্ভ রাখা হবে এবং পাঁচটি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করা হবে।
রিটানিং অফিসার নরসিংদীর ডেপুটি কমিশনার (ডিসি) ফিরোজ সালাহউদ্দিন বিডিনিউজকে বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
এ আসনে মোট ২,৬১,৯৭৮ জন ভোটার রয়েছে। ৯২টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এজন্য ৯২ জন প্রিজাইডিং অফিসার, ৪৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯০৬ জন পোলিং অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার মাঝরাতে নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাবে।
নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চার দলীয় জোটের প্রার্থী খায়রুল কবির খোকন, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ছাত্র নেতা শাহাদত হোসেন মুন্না, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শফিকুল ইসলাম শফিক, মরহুম সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ ইসাকের স্ত্রী রোকেয়া আহমেদ লাকী, মো. সিরাজ মিয়া ও কৃষক মোহাম্মদ সাদেক।
খায়রুল কবির খোকন ও শাহাদত হোসেন মুন্না সোমবার পৃথক নির্বাচনী সমাবেশ করেছেন।
জোট প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। খোকনের পক্ষে কয়েকজন মন্ত্রী ও সাংসদও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
