পুলিশ মঞ্চ ভেঙ্গে দেওয়ায় বিকল্প স্থানে যুবলীগের সমাবেশ : ‘তারেক ও নাসের রহমানদের কালো টাকার বৈধতা দিতেই তা সাদা করার বিধান করেছেন অর্থমন্ত্রী’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান ও অর্থমন্ত্রীর ছেলে নাসের রহমানসহ বিএনপির দুর্নীতিবাজদের অবৈধ কালো টাকা সাদা করার জন্যেই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেটে কালো টাকা সাদা করার বিধান করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে তারা ঘোষণা দেন, কেয়ামত হয়ে যাবে তবু সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। খুনির আত্মীয়ের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না।
শনিবার বিকেলে নগরীর মিরপুরে আওয়ামী যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা এ সব কথা বলেন।
যুবলীগ নেতা মাহবুবুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে মিরপুর আউটার স্টেডিয়ামে পুর্বানুমতি নিয়ে এ সমাবেশ হওয়ার কথা ছিলো। কিন্তু শনিবার সেখানে নির্মিত মঞ্চটি ভেঙ্গে ফেলে পুলিশ ও একদল সন্ত্রাসী। পুলিশ সেখানে মাইক ব্যবহারেরও অনুমতি দেয়নি। পুলিশ ঘোষণা দেয়-এখানে ৫ ব্যক্তি এক সঙ্গে দাঁড়ালেই গ্রেফতার করা হবে। এ নিয়ে পুলিশ ও যুবলীগ নেতা কর্মীদের মধ্যে বাক বিতণ্ডা হয়।
পরে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মিরপুর জাতীয় স্টেডিয়ামের পাশে খোলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর (উ:) এর সভাপতি আবুল বাসার সমাবেশে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম এমপি, মাহমুদুর রহমান মান্না, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি।
মতিয়া চৌধুরী বলেন, পুলিশ আজ যে লাঠি দিয়ে আওয়ামী লীগসহ বিরোধী দলের ওপর নির্যাতন করছে, সেদিন আর বেশি দূরে নয় যেদিন পুলিশের সেই লাঠি মানুষের হাতে উঠে আসবে।
তিনি বলেন, হত্যা, অত্যাচার নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। বিএনপি জামাত জোট সরকারের পতন আন্দোলনকে সফল করতে দলের নেতা কর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে কোটি কোটি টাকার ব্যবসার সুযোগ করে দিতেই সরকার মোবাইল ফোন সিম কার্ডের ওপর ট্যাক্স বসিয়েছে।
