২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চাভিলাষী বাজেটের ফলে বাজারে আগুন লাগবে, মানুষ আরও বিপাকে পড়বে : টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বলেছেন, গরিব মারার এ বাজেটের কারণে বাজারে আগুন লেগে যাবে। সাধারণ মানুষ আরও বিপাকে পড়বে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ধোঁকাবাজি ও ভাঁওতাবাজির এ বাজেট দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। উচ্চাভিলাষী এ বাজেটে জনগণের কোনো প্রাপ্তি নেই।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্ততাকালে শেখ হাসিনা এ কথা বলেন।

এর আগে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী পরে দলের ফরিদপুর জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সভা করেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় নেতা কর্মীরা শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।