‘জনস্বার্থ বিরোধী ও ভাঁওতাবাজি’ আখ্যায়িত করে প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করেছে আওয়ামী লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ২০০৫-০৬ অর্থ বছরের জন্যে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উত্থাপিত বাজেট প্রস্তাবকে ‘জন স্বার্থ বিরোধী ও ভাঁওতাবাজির বাজেট’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখান করেছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশের পর এক প্রেস ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে দলের অর্থনৈতিক সেলের চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিত বলেন, মিথ্যাচারে ভরা এটি একটি ভাঁওতাবাজির বাজেট। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পুরোটাই মিথ্যাচার ও বিভ্রান্তিতে ভরা।
তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ট গরিব মানুষের ভাগ্যোন্নয়নের কোনো চিত্র এতে খুঁজে পাওয়া যায় না। জাতির জন্যে কোনো দিক নির্দেশনা নেই এ বাজেটে। উচ্চাভিলাষ শুধু নয়-এ বাজেট হচ্ছে হচ্ছে অর্থ মন্ত্রীর স্বপ্নবিলাস। এমন বাজেট না দিলেও দেশের এমন কিছু যায় আসবে না। তাই আওয়ামী লীগ এ বাজেট প্রত্যাখান করছে।
আওয়ামী লীগ ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, বিরোধী দলীয় উপনেতা এ্যাডভোকেট আব্দুল হামিদ, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ, মোহাম্মদ নাসিম, আব্দুল মান্নান, ওবায়দুল কাদের এবং দলীয় সাংসদরা উপস্থিত ছিলেন।
এএমএ মুহিত বলেন, অর্থ মন্ত্রী একটি নির্জীব হাউসে যে বাজেট দিয়েছেন, তাতে জনগণের তেমন কোনো আগ্রহই নেই। কারণ সরকার ডিজেল, পেট্রোল, কেরোসিনসহ নিত্য ব্যবহার্য সকল জিনিসের দাম আগেই কয়েক দফায় বাড়িয়ে এখন বাজেটের নামে জনগণকে বিভ্রান্ত করেছে। দেশের মানুষ এমনিতেই চরম হতাশাগ্রস্ত। আর এই বাজেটের মাধ্যমে নতুন করে দাম বৃদ্ধির আশংকায় নতুন করে আবারও হতাশ হলো।
তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকার গ্রামীণ উন্নয়ন, কৃষি খাত এবং শিল্পের উন্নয়নে কার্যত কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে নি। তাই দেশে বিনিয়োগও নেই। সর্বত্র চলছে স্থবিরতা। তিনি বলেন, আগে বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম চলতো প্রতিষ্ঠানের মাধ্যমে। আর এখন তা হয় বিএনপির নেতা কর্মীদের মাধ্যমে। গ্রাম সরকারের নামে শুধু মাত্র লুটপাটের জন্যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে।
এএমএ মুহিত বলেন, অর্থমন্ত্রী যে প্রবৃদ্ধির কথা দাবি করেছেন তা অবিশ্বাস্য। আর পিআরএসপি (দারিদ্র বিমোচন কৌশলপত্র) জনগণ কতোটুকু গ্রহণ করছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তিনি বলেন, এখন দেশে মূল চারটি সমস্যা রয়েছে। তার মধ্যে ক্ষমতাসীনদের দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস আর দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধগতির কারণে দেশের মানুষের মধ্যে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এ সরকার দেশের যুব ও মহিলাদের কর্মসংস্থানেরও কোনো ব্যবস্থা করছে না। তাই প্রস্তাবিত বাজেট কোনো মতেই জনগণের স্বার্থ সংরক্ষণ করবে না।
