২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশাকে গ্রেফতার, পুলিশ রিমান্ড ও পরবর্তী ঘটনা প্রবাহকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যায়িত করলেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিদিশা এরশাদকে গ্রেফতার, পুলিশ রিমান্ড ও পরবর্তী ঘটনা প্রবাহকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বুধবার সুধাসদনে সাংবাদিকদের কাছে তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনও কিছুই মানতে চান না। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা, অত্যাচার নির্যাতনের পর জোট নেত্রী এখন অন্যের ঘরও ভাঙতে যান। অন্যজনের ঘর ভাঙ্গানো, জোর করে দলে টানার চেষ্টা, না আসলে এভাবে নির্যাতন-এসবতো জঘন্য অপরাধ।

বিদিশা এরশাদের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যতো অপরাধই করুক, একজন মহিলাকে জোর করে থানায় ধরে নিয়ে মেঝেতে ফেলে নির্যাতন করবে, এটা কেমন কথা?

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নারী নির্যাতনও চরমে পৌঁছেছে।

প্রসঙ্গক্রমে আওয়ামী লীগ সভানেত্রী হেমায়েত উল্লাহ্ আওরঙ্গ এমপি’র নাম উল্লেখ না করে বলেন, সন্ত্রাসের কারণে যাকে আমি বাড়িতে ঢুকতে দিইনি, তাকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সঙ্গে নিয়ে গিয়ে ব্রিজ উদ্বোধন করেন। কদিন পর হয়তো দেখা যাবে ঘটা করে তাকে দলে যোগদান করিয়েছে। আর বিএনপিতে যোগদান করলেইতো সব পাপ মোচন হয়ে যাবে!