স্বামী সন্তানের নিরাপত্তার জন্যে জোট সরকারের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজ নিজ স্বামী সন্তানের নিরাপত্তার জন্যে জোট সরকারের বিরুদ্ধে প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত যুবলীগ নেতা আবুল কালাম আজাদ সুমনের বাবা মাসহ পরিবারের সদস্যরা বুধবার বিকেলে সুধাসদনে তার সঙ্গে দেখা করতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
শেখ হাসিনা অভিযোগ করেন, দেশে এখন কোনও বিচার নেই। দেশের মানুষ বিএনপি জামাত জোটকে আর ভোট দেবে না বলে তারা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করছে। এদের হাতে ঘরের বউ, সন্তান কেউই নিরাপদ নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু মানুষের রক্ত চুষে খাচ্ছেন। প্রতিদিন শুধু লাশ উপহার দিচ্ছেন তিনি। দেশটাকে তিনি জালিমখানা বানিয়েছেন। তার জুলুমের কোনও সীমা নেই। তার পাপের জন্যে দেশটাই শেষ হয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করি-তার দু’সন্তান রয়েছে। তাদের যদি কেউ মেরে ফেলে! তিনি কি ছেলেহারা মায়েদের কান্না শোনেন না!
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমার বাবার হত্যাকারিদের আমি এভাবে না মেরে প্রচলিত আইনে বিচারের ব্যবস্থা করেছি। আর ওই বিচারের রায় ঘোষণা করতে গিয়ে যে বিচারক বিব্রত হয়েছিলেন, বঙ্গবন্ধু হত্যাকারীর আত্মীয় সেই বিচারককে সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে চায়, যেন তারা কারচুপি করে আবার ক্ষমতায় আসতে পারে।
সুমনের বাবা আব্দুল হাকিম, মা আমেলা খাতুন, দুবোন সীমা ও কারিশমাসহ পরিবারের সদস্যরা সুধাসদনে এলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেখ হাসিনা তাদের সান্ত¡না দেন।
এসময় যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, মহানগর আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন মহি এবং নুরুন্নবী চৌধুরী শাওন উপস্থিত ছিলেন।
সুমন ৩১ মে ভোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ ঢাকায় নিহত হয়।
