পুলিশ হত্যা মামলায় শেরপুরে আ, লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সম্পাদকসহ ৩৭ জনকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান
জেলার নালিতাবাড়ীতে পুলিশ হত্যা মামলায় আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৭ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে জিআর কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তা নালিতাবাড়ী থানার ওসি মোঃ খালেকুজ্জামান গোপনীয়তার মধ্যে এই চার্জশীট দাখিল করেন।
চার্জশীটে বলা হয়েছে, অরাজকতা ও বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মামলার প্রধান ২ আসামীর উগ্র সিদ্ধান্তই এ অরাজক অবস্থা সৃষ্টির মূল কারণ বলে চার্জশীটে উল্লেখ করা হয়।
মামলার প্রধান আসামী মোকছেদুর রহমান লেবু ও তাকিজুল ইসলাম ব্যতীত বাকিরা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত রয়েছেন। মামলা প্রমাণের জন্য রক্তমাখা মাটি, নিহত কনস্টেবলের রক্ত মাখা পোষাক, হামলায ব্যবহৃত লাঠিসোঠা ও ইটপাটকেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে হরতাল চলাকালে যোগানিয়া শাহী মসজিদ মোড়ে বিক্ষুদ্ধ জনতার হামলায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আশরাফ সিদ্দিকী নিহত হয়। এই ঘটনায় নালিতাবাড়ী থানার এ এস আই মিজানুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ১২১ দিন তদন্ত শেষে এই চার্জশীট দাখিল করে। চার্জশীটে ৫২ জন এফআইআরভুক্ত আসামীর মধ্যে ১৫ জনকে অব্যাহতি দেওয়া হয়।
চার্জশীটভুক্ত আসামীর মধ্যে রয়েছে আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি আবদুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোক্তারুজ্জামান, যুগ্ন সম্পাদক মুকুল তালুকদার, যুগ্ন সম্পাদক আবদুস সবুর, যুবলীগের সাধারণ সম্পাদক মো: আবু বকর, ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তাকিজুল ইসলাম তারা প্রমুখ।
চার্জশীটভুক্ত আসামীর মধ্যে মোখলেছুর রহমান লিটন ও সুমন বর্তমানে জেলহাজতে রয়েছে।
