২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ায়েস আলীর দাফন সম্পন্ন, লাশ দেখে চাচার মৃত্যু, মেহেরপুরে বৃহস্পতিবারে হরতাল ডেকেছে আ. লীগ

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়ায়েস আলীর ক্ষত-বিক্ষত লাশ দেখে মঙ্গলবার রাতে কাঁদতে কাঁদতে বাকশক্তি হারিয়ে চাচা মহিরুদ্দিনও (৫৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বুধবার সকালে হাজার হাজার মানুষের সামনে ওয়ায়েস আলীর হাতে গড়া মুজিবনগর ডিগ্রি কলেজ মাঠে চাচা ও ভাতিজার পরপর জানাজায় এক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়। সকাল ৯টায় কলেজ মাঠে প্রথম জানাজা এবং ১০টায় গ্রামের বাড়ি বিদ্যাধরপুরে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

এদিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ওয়ায়েস আলীর মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার থেকে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং বৃহস্পতিবার মেহেরপুরে সকাল-সন্ধ্যা হরতাল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী ও সভাপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে বুধবার বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ১৮মে রাত ১০টায় দরিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামে সার ও কীটনাশক গোডাউন থেকে ওয়ায়েসকে অপহরণে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত সন্ত্রাসীরা শক্তিশালী বোমা নিক্ষেপ করলে ওই সময়ে তার শরীর ঝলসে যায় এবং দু’ পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং পরে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল ১১টায় তিনি মারা যান।

এ ব্যপারে তার পিতা দরিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী বলেন, পুলিশ এই মৃত্যু নিয়ে বাণিজ্যে মেতে উঠেছে। সন্ত্রাসীকে ধরে জনগণ পুলিশে সোপর্দ করলেও এখন পর্যন্ত পুলিশ গডফাদারকে ধরতে পারেনি। রিমান্ডের নামে ধোকা দিচ্ছে।

ওয়ায়েসের স্ত্রী মিসেস মেমবুড়ি খাতুন বলেন, আমি তিন এতিম ছেলে নিয়ে কিভাবে বাঁচব। মুজিবনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিল বলেন, তিনি লাইব্রেরিয়ান হলেও ছাত্রছাত্রীদের প্রিয়পাত্র ছিলেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিয়াজান আলী বলেন, তিনি জোট সরকারের পতনের সক্রিয় সৈনিক ছিলেন, তাই পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেয়া হয়েছে।