এক মাস পর হানিফ মায়া এক মঞ্চে
প্রায় এক মাস পর এক মঞ্চে বসলেন এবং বক্তৃতা করলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ দু’নেতা কিছুক্ষণের জন্যে পাশাপাশি বসেন। দলীয় প্রধান শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
গত প্রায় দু’মাস ধরে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চলছে। এর জের ধরে সভাপতি মোহাম্মদ হানিফ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়ে আসেন, মায়া থাকলে তিনি সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
৩ মে আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম দুদ মিয়া হত্যাকাণ্ডের পর ঢাকায় মুক্তাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা সর্বশেষ এক মঞ্চে বক্তৃতা করেছিলেন। এর পর দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে গেলে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠানগুলোর কাজ চলছে।
