২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের সংসদ ভেঙ্গে দেওয়ার দাবি অযৌক্তিক: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া প্রধান বিরোধী দলকে সংসদে যোগদানের আহ্বান জানিয়ে বলেছেন, সংসদ ভেঙ্গে দেওয়ার ব্যাপারে বিরোধী দলের দাবি অযৌক্তিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মঙ্গলবার জাতীয় সংসদে স্পীকারের দেওয়া বিশেষ সুবিধা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধী দলের বিভিন্ন দাবির জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, কোনও একটি দলের দাবিতেই সংসদ ভাঙ্গা যায়না। সংসদ তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে। একদিন আগেও ভাঙ্গা হবে না।

মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দল তত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি করছে, কিন্তু ছয় মাসেও কোনও প্রস্তাব দিতে পারেনি। আর তাদের ওই দাবি আদায় করতে হলেও সংসদে আসতে হবে। সংসদে পাস করেই এ ব্যবস্থার সংস্কার করতে হবে।

তিনি বলেন, বাজেট পেশ করার আগেই বিরোধী দল একে ধোঁকাবাজি ও ভাওতাবাজির বাজেট বলেছে। বাজেট পেশ হওয়ার আগেই কি করে এটা ভাওতাবাজির হলো? আসলে তারাই সংসদে যোগ না দিয়ে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

নির্বাচনে বিরোধী দলের যোগ না দেওয়া সম্পর্কে মন্ত্রী বলেন, বিরোধী দল ‘ডুয়েল রোল প্লে’ করছে। যেখানে তাদের নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে, সেখানে নির্বাচন করছে, আর যেখানে পরাজিত হবে, সেখানে নির্বাচন করছে না।

তিনি বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদে আসুন। আপনাদের জন্যে নির্ধারিত সময়ের চাইতে প্রয়োজনে বেশি সময় কথা বলতে দেওয়া হবে।