২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতা দুদ মিয়ার চেহলামের খাদ্য সামগ্রী লুট

র‌্যাবের ‘ক্রস ফায়ারে’ নিহত মেঘনা থানা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মফিজুল ইসলাম দুদ মিয়ার চেহলামের খাবার মঙ্গলবার সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম বিডিনিউজকে জানান, দুদ মিয়ার চেহলামের জন্যে লালবাগে শায়েস্তা খান কল্যাণ কেন্দ্র ভাড়া নিয়ে সেখানে চাল ডাল, মশলা, মাংসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রাখা হয়। কিন্তু দুপুর ১২ টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা এসে বাবুর্চিসহ অন্য কর্মীদের মারধোর করে খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, স্থানীয় সাংসদ নাসির উদ্দিন পিন্টুর আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন দুদ মিয়ার কোনো চেহলাম এই এলাকায় হবে না। আর তার নির্দেশেই এই লুটের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

আব্দুল জলিলের প্রতিবাদ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মঙ্গলবার এক বিবৃতিতে দুদ মিয়ার চেহলামের খাদ্য সামগ্রী সরকারি দলের ক্যাডাররা পুলিশের সহায়তায় লুট ও তছনছ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।