২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি গভর্নমেন্টকে সমর্থন করলেন ঢাকার মেয়র

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা সিটি গভর্নমেন্টের দাবিকে সমর্থন করে বলেছেন, নগরীর উন্নয়নের জন্যে সকল সেবামূলক সংস্থার মধ্যে সমন্বয় দরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সিটি গভর্নমেন্ট পদ্ধতি সম্পর্কে দেশের ছয়টি সিটি করপোরেশনের মেয়রদের মধ্যে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকে করপোরেশনগুলোর অভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হবে।

ডিআরইউ আয়োজিত ‘নগর উন্নয়ন: নগরবাসীর প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম সফিকুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা।

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেন, দীর্ঘ ১৪২ বছরের প্রক্রিয়ায় ঢাকা পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলেও এর কাঠামোগত বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে। ফলে বিভিন্ন সেবামূলক কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।

তিনি সিটি করপোরেশনগুলোকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বার্থে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর দপ্তরে সংযুক্ত করা উচিত বলে জানান।

মেয়র নগরীর পরিচ্ছন্নতা বিষয়ে বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে মহানগরী এলাকায় পরিচ্ছন্নতার জন্যে প্রতি এক হাজার জনের মধ্যে দুজন কর্মী রয়েছে। ঢাকা শহরে মানুষ অনুপাতে পরিচ্ছন্নতা অভিযানের জন্যে ন্যূনতম ২০ হাজার কর্মী দরকার। অথচ বর্তমানে রয়েছে মাত্র সাড়ে ছয় হাজার। চাহিদা পূরণ করতে ডিসিসির জনবল আরও তিনগুন বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বলেন, সুষ্ঠুভাবে পরিচ্ছন্নতা অভিযান চালাতে চাহিদামাফিক জনবল বাড়ালে বার্ষিক ব্যয় হবে ১৮০ কোটি টাকা। অথচ বর্তমানে পরিচ্ছন্নতা খাতে আয় হয় মাত্র ১৭ কোটি টাকা। যা দিয়ে বর্তমান ব্যয় ৬০ কোটি টাকার চাহিদাও পূরণ হয়না।

ঢাকা শহরের যানজট সম্পর্কে মেয়র সাদেক হোসেন খোকা বলেন, উন্নত দেশগুলোর শহরে এক চতুর্থাংশ সড়ক থাকে। কিন্তু ঢাকায় সড়কের পরিমাণ মাত্র ছয় শতাংশ। ২৫ শতাংশ সড়কের যানবাহন ছয় শতাংশ সড়কের ওপর দিয়ে চলাচল করলে যানজট হবেই। এজন্যে সুষ্ঠু পরিকল্পনা দরকার।

ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ প্রসঙ্গে মেয়র বলেন, ডিসিসির নিজস্ব কোনও পুলিশিং ব্যবস্থা নেই। তাই দীর্ঘ প্রক্রিয়া শেষে পুলিশের সহায়তায় ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ করা গেলেও পরে তাদের প্রতিরোধ করা যায়না। পুলিশ চলে যাওয়ার পরই তারা আবার ফুটপাতে বসে পড়ে।

ঢাকা মহানগরীতে অপরিকল্পিতভাবে বিভিন্ন সড়কে খোড়াখুড়ি সম্পর্কে তিনি বলেন, ওয়াসা, ডেসাসহ সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় এগুলো বন্ধ করা যাচ্ছে না।

তবে আগামী জুনের মধ্যেই খোড়াখুড়ি শেষে সড়কগুলো মেরামত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।