রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিদিশাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে: বিদিশার পরিবারের অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশাকে তালাকের ঘটনায় তার রাজশাহীর বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে।
তার মা আনোয়ারা সিদ্দিক এখন শয্যাশায়ী, ছোট বোন পিয়াসা সিদ্দিক ও ছোট ভাই সোয়েব সাম্য সিদ্দিক নীরবে চোখের পানি ফেলছেন। বিদিশা গ্রেফতার হওয়ার পর থেকে দুশ্চিন্তায় তাদের চুলোয় হাড়ি উঠেনি।
এদিকে কথিত চুরির ঘটনায় বিদিশাকে গ্রেফতার, নির্যাতন ও তালাকের খবরে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিদিশার মা আনোয়ারা সিদ্দিক মঙ্গলবারও কান্নাজড়িত কণ্ঠে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, নারী সংগঠন, সাংবাদিক ও দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেছেন, আপনারা আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে মুক্ত করেন। আমার মেয়ে যদি কারও কাছে কোনও ধরনের অপরাধ করে থাকে, আমি তার মা হিসেবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিদিশাকে ফাঁসাচ্ছে। দেশবাসীর কাছে আমরা এর সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।
বিদিশার মা আরও বলেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি নারী নেত্রী মালেকা বেগম, অ্যাডভোকেট এলিনা খান, বুদ্ধিজীবী আবেদ খান, কামাল লোহানী, আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন, রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দিকী ও রাশেদ খান মেনন বিভিন্নভাবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ বিপদ থেকে তার মেয়েকে রক্ষা করতে তিনি তাদের প্রতিও আহ্বান জানান।
তিনি বলেন, আমার কোনও ছেলেমেয়ে আমাকে কখনও এরশাদের মতো ভক্তি এবং শ্রদ্ধা করেনি। সবসময় আমাকে সে মা বলে ডাকত। সেই এরশাদ কীভাবে আমার মেয়েকে এমন বিপদের দিকে ঠেলে দিয়েছে, আমি তা বুঝতে পারছি না। এ ঘটনার পেছনে অবশ্যই কোনও রহস্য লুকিয়ে আছে।
তিনি বলেন, সব নারীর কাছেই স্বামীর সংসার তার নিজের সংসার। সে হিসেবে এরশাদের সংসারও বিদিশার নিজের সংসার। নিজের সংসারে নিজে চুরি করেছে বললে কোনও পাগলেও তা বিশ্বাস করবে না।
বিদিশা আগের স্বামীর সঙ্গে স¤পর্ক ছিন্ন না করায় এরশাদ তাকে তালাক দিয়েছেন বলে এরশাদের প্রচারণাকে মিথ্যাচার বলে দাবি করেছেন বিদিশার ছোট ভাই সোয়েব সাম্য সিদ্দিক।
তিনি বলেন, আপু (বিদিশা) আগের স্বামীর সঙ্গে স¤পর্ক ছিন্ন না করলে এরশাদ অপর একজনের স্ত্রীকে বিয়ে করলো কীভাবে? তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিদিশাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
প্রতিক্রিয়া
রাজশাহী জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ একরামুর রসুল বিদিশাকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের বলেছেন, গ্রামের কোনও অশিক্ষিত লোকও ঘরের কাপ-পিরিচ ভাঙার ঘটনায় মামলা করে না। জাতীয় পার্টি নিজস্ব গতিতে চলুক এটা যারা চায় না, তারাই এ ঘটনা ঘটিয়েছে। বিদিশার বিরুদ্ধে মামলাটি এরশাদকে দিয়ে করানো হয়েছে সরকারকে খুশি করার জন্য। তিনি বলেন, বিদিশার ঘটনায় দলের ইমেজ ব্যাপকভাবে নষ্ট হচ্ছে।
বিদিশার বেড়ে ওঠা
পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে বিদিশা সবার বড়। তার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রফেসর কবি আবু বকর সিদ্দিক। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বৃটেনের এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিটার উইলসনের সঙ্গে বিদিশার বিয়ে হয়েছিল। সে স্বামীর সঙ্গে ১৭ বছর সংসার করার পর তার দুই সন্তান রেখে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ১৯৯৯ সালে এরশাদকে বিয়ে করেন তিনি। প্রথম দিকে এরশাদ-বিদিশার বিয়ের বিষয়টি গোপন থাকলেও ২০০২ সালে পুত্র এরিকের প্রথম জন্মদিন পালন উপলক্ষ্যে তা প্রকাশ পায়।
