বিদিশাকে নিয়ে নগরীতে পুলিশের অভিযান, কোনও নতুন তথ্য মেলেনি
পুলিশ রোববার রাতে এবং সোমবার বিদিশাকে নিয়ে নগরীর কয়েকটি স্থানে অভিযান চালিয়েও নতুন কোনও তথ্য উদ্ধার করতে পারেনি।
চুরি, প্রতারণা, হত্যার হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্বামী এরশাদের দায়ের করা মামলায় শনিবার বিকেলে পুলিশ ৩৭ বছর বয়সী বিদিশাকে গ্রেফতার করে।
সকালে বিদেশ যাওয়ার প্রাক্কালে জিয়া বিমানবন্দরে এরশাদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে, বিদিশা আরও আটটি পাসপোর্ট লুকিয়ে রেখেছে। তবে পুলিশ তাদের অভিযানে এরশাদের এ অভিযোগের সত্যতা খুঁজে পায়নি।
পুলিশ বিডিনিউজকে জানায়, আমরা বিদিশাকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। তবে নতুন কিছু পাইনি।
মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-দক্ষিণ) ওবায়দুর রহমান বিডিনিউজকে বলেন, পুলিশ বিদিশার ফ্যাশন হাউজ ‘মানচিত্র’ , বুটিক হাউজ ‘ইসাবেল’ এবং তার বড় বোন মনিষার বাসাসহ সাত/আটটি জায়গায় অভিযান চালায়।
প্রথম স্বামী পিটার উইলসনকে ছেড়ে ২০০০ সালে বিদিশা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে বিয়ে করেন। সোমবার এরশাদও তাকে তালাক দিয়েছেন বলে জানান। শনিবার গ্রেফতারের পর রোববার তাকে আদালতে হাজির করে রিমাণ্ড চায় পুলিশ। আদালত তাকে তিন দিনের রিমাণ্ডে নেওয়ার আদেশ দেয়। ওই আদেশের প্রেক্ষিতে বিদিশা বর্তমানে রিমাণ্ডে রয়েছে।
