২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু, ৯ জুন বাজেট পেশ, আওয়ামী লীগ যোগ দিচ্ছে না

আগামীকাল ৭ জুন মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটায় অষ্টম জাতীয় সংসদের অষ্টাদশতম অধিবেশন বসছে। এ অধিবেশনটি হবে ২০০৫-০৬ অর্থবছরের বাজেট অধিবেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তবে এ অধিবেশনেও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ যোগ দেবে না। সোমবার তাদের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ গত কয়েকটি অধিবেশনেই সংসদে যোগ দেয়নি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শুরুর দুদিন পর ৯ জুন বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন। এই অধিবেশনেই আলোচনা শেষে বাজেট পাস করা হবে।

এই বাজেট অধিবেশন দীর্ঘদিন চলবে। তবে এর কার্যকাল নির্ধারিত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। মঙ্গলবার অধিবেশন শুরুর এক ঘন্টা আগে বিকাল সোয়া ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার সভাপতিত্ব করবেন।

জানা যায়, আসন্ন অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জবাব দানের জন্য রোববার পর্যন্ত সংসদ সদস্যরা মোট এক হাজার ৩৫৫টি প্রশ্ন জমা দিয়েছেন। প্রতি মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে উত্থাপণের জন্য জমা হয়েছে মোট ৬১টি প্রশ্ন। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশ জমা হয়েছে ১৯টি।