২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ বাজেট অধিবেশনে যোগ দেবে না, অবিলম্বে নির্বাচন চাই: শেখ হাসিনা

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মঙ্গলবার থেকে শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে যোগদান করবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সোমবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক শেষে ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ শেখ হাসিনা বলেন, আমরা বাজেট অধিবেশনে যোগদান করবো না। কেননা আমরা ভাওতাবাজির বাজেটে শরিক হতে চাই না।

তিনি সংসদ ভেঙ্গে দিয়ে অতি সত্বর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এ সরকারের অধীনে তার দল কোনও নির্বাচন, এমনকি নারীদের জন্যে সংরক্ষিত আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে না।

বিএনপি জামাত জোটকে ‘স্বৈরাচারী’ ও ‘নৈরাজ্যবাদী’ আখ্যা দিয়ে শেখ হাসিনা সংসদ অকার্যকর করার জন্যে সরকারকে দায়ি করেন। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না।

শেখ হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সরকার তার দলের সাংসদ ও সম্ভাবনাময় নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করছে। এ সম্পর্কে তিনি বলেন, আমাদের দুই সাংসদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশে একের পর এক গ্রেনেড হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু সংসদে তা নিয়ে কোনও আলোচনা হয়নি।

সংসদ অধিবেশনে যোগ না দেওয়ার কারণ ব্যাখা করতে গিয়ে শেখ হাসিনা বলেন, ব্রিটিশ পার্লামেন্টে ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি যে সংসদের বিরোধী দলীয় নেত্রী, সেখানে এ নিয়ে কোনো আলোচনা হয় না। এমন কি এ বিষয়ে আলোচনার জন্যে সংসদে কোনও মুলতবি প্রস্তাবও গ্রহণ করা হয়নি। এ অবস্থায় সংসদে যোগদানের কোনও সুযোগ নেই বলে তিনি জানান।

আওয়ামী লীগ সাংসদদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ না করার জন্যে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন সংসদে বিরোধী দলের নেতা।

চার ঘন্টাব্যাপি বৈঠকে আওয়ামী লীগ সংসদীয় দল সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী শাম্মী আখতার হ্যাপী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। এছাড়া হ্যাপী’র মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের ক্যাডার ও চারুকলা ইনস্টিটিউটের চার জাতীয়তাবাদী শিক্ষক যে নির্যাতন চালায়, সভায় তার সমালোচনা করা হয়।

কেরোসিন ও পেট্রোলের মতো প্রয়োজনীয় জ্বালানির দাম বৃদ্ধি করায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার জনগণের মঙ্গলের কথা না ভেবে দফায় দফায় দাম বাড়াচ্ছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, কৃষকসহ নিম্ন আয়ের মানুষের স্বার্থে বর্তমান সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

২০০৩-০৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছয় দশমিক ২৭ হওয়ার ব্যাপারে তিনি প্রশ্ন রেখে বলেন, তিন মাসের মধ্যে এমন কি উন্নতি করে ফেলেছে যে জাতীয় প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক ২৭ থেকে বেড়ে ছয় দশমিক ২৭ হয়ে গেল!

তিনি জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধির এ হারকে ভূয়া, মিথ্যা ও কাল্পনিক বলে আখ্যায়িত করেন।

নতুন পে স্কেল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হাসিনা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির অনুপাতে বেতন বাড়েনি। তিনি বলেন, নতুন পে স্কেল ঘোষণার নামে সরকার জনগণের সাথে শুধু তামাশাই করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের খাদ্য উদ্বৃত্তের দেশকে বর্তমান বিএনপি-জামাত জোট সরকার আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছে।

র‌্যাবের হেফাজতে যুবলীগ নেতা আবুল কালাম আজাদ সুমনকে হত্যার ঘটনার সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী।

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও শিবির ক্যাডার গিয়াস হাজারিকাকে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলা প্রসঙ্গে তিনি বলেন, তাকে হত্যা করা হলো কেন? তার কাছ থেকে তো ‘১০ ট্রাক’ অস্ত্রের খবর বের করতে পারতো।

তিনি আরও বলেন, যে কারণেই হোক, আওয়ামী লীগ বিনা বিচারে মানুষ হত্যা অনুমোদন করে না। বিচার হওয়া উচিত প্রচলিত আইনেই ।

শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় ৪২জন সাংসদ উপস্থিত ছিলেন।