বোয়ালমারীতে বিএনপির আহ্বানে হরতাল পালিত
জেলার বোয়ালমারী উপজেলা সদরে সোমবার বিএনপির আহ্বানে শান্তিপূর্ণভাবে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।
বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা কামরুজ্জামান এস্কেন মিয়া হত্যার প্রতিবাদে বিএনপির উপজেলা কমিটির ডাকে এই হরতাল পালিত হয়।
হরতাল চলাকালে অফিস-আদালত, ব্যাংক বীমায় স্বাভাবিক কাজকর্ম হয়েছে। তবে দোকানপাট, বাজারের বিপনীকেন্দ্রগুলো ছিলো সম্পূর্ণ বন্ধ। বোয়ালমারী থেকে দূর পাল্লার বাস চলেনি। হরতাল চলাকালে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
হরতাল চলাকালে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে স্থানীয় চৌরাস্তার মোড়ে বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক খন্দকার মনিরুল ইসলাম কামালের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মোজাফফর হোসেন চুন্নু, আশরাফুল আলম ডাবলু, সিদ্দিকুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে কামরুজ্জামান হত্যাকান্ডের বিচার দাবি করেন।
গত ২ জুন চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা কামরুজ্জামান নিহত হন।
