২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামে ভারতীয় বিছিন্নতাবাদীর কোনো অস্তিত্ব নেই: বিডিআর মহাপরিচালক

বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, পার্বত্য চট্ট্রগ্রামে উগ্রপন্থী বা ভারতীয় বিছিন্নতাবাদীর কোনো অস্তিত্ব নেই। পাহাড়ের কোনো সীমান্তই অরক্ষিত নেই।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

খাগড়াছড়ি সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

বিডিআর মহাপরিচালক আরো বলেন, মাঝে মধ্যে কিছু চুরি ডাকাতির ঘটনা ঘটলেও বিডিআর সীমান্ত রক্ষায় সর্বদা প্রস্তুত।

তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে কোনো ভারতীয় স্থাপনা থাকতে পারবে না।

জেনারেল জাহাঙ্গীর জানান, বিডিআর নজরদারি বাড়াতে দিঘীনালার বাবুছড়ায় নতুন বিডিআর ব্যাটালিয়ন স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। পার্বত্য এলাকায় সীমান্ত জরীপ সম্পন্ন হয়েছে। সীমান্তের দেড়শ গজের মধ্যে বিডিআর কোনোভাবেই কাঁটাতারের বেড়া স্থাপন করতে দেওয়া হবে না।

বিডিআর মহাপরিচালক উল্লেখ করেন, আচালং সীমান্তে বাংলাদেশ ভূখন্ডের এক হাজার ৭০০ একর জমি পুনরুদ্ধারের বিষয়টি ভূমি অধিদপ্তরের আওতাধীন।

এরআগে তিনি রামগড় উপজেলা শহরে বিডিআর’র ঐতিহ্য ও স্মৃতি ধরে রাখতে পোড়ামাটি দিয়ে নির্মিত স্মারক ‘রাইফেলস স্মৃতিসৌধে’র উদ্বোধন করেন। বৃটিশ আমলে রামগড়ে প্রথম বাংলাদেশ রাইফেলস’র গোড়াপত্তন হয়।

রাইফেলস স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিন তারেক, খাগড়াছড়ি বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার আহমদ, বিডিআর চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল শাহাদাত হোসেন, রামগড় সেক্টর কমান্ডার লে. কর্নেল ফরিদ হায়দার খান, রামগড় পৌর চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।