স্পেকট্রাম গার্মেন্টস দুর্ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদনে ৪টি কারণ চিহ্নিত
সাভারের বাইপাইলে স্পেকট্রাম গার্মেন্টস দুর্ঘটনার জন্যে বিধ্বস্ত ভবনটির ভিত্তির অপ্রতুল কাঠামো নকশা, দুর্বল নির্মাণ কাজ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, ধারণক্ষমতার অধিক ভার চাপানো এবং চারতলার অনুমোদন নিয়ে অবৈধভাবে নয়তলা ভবন নির্মাণকে দায়ী করা হয়েছে।
রোববার বিকেলে জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত স্পেকট্রাম গার্মেন্টস দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটির রিপোর্টে একথা বলা হয়েছে।
জাতীয় সংসদে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী।
পাঁচ সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটির প্রধান রাজউকের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) এম নাছিরউদ্দিন বৈঠকে রিপোর্টটি পেশ করেন।
এ বছরের ১০ এপ্রিল দুর্ঘটনার পর ১১ এপ্রিল এ তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি ২৮ এপ্রিল তাদের তদন্ত শেষ ও প্রতিবেদন চূড়ান্ত করে।
এ প্রতিবেদনে তদন্ত কমিটি দুর্ঘটনার জন্যে উল্লেখিত চারটি বিষয়কে চিহ্নিত করেছে।
প্রতিবেদনে বিল্ডিং কোডের পূর্ণ ব্যবহার বাধ্যতামূলক, নির্মাণ সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নিরূপণ করে আইন প্রণয়ন, ভবন নির্মাণের আগে ও পরে তিনটি পর্যায়ে নকশা ও পরিকল্পনা অনুমোদনের ব্যবস্থা এবং ইমারত নির্মাণ আইন ও এর বিধিমালা সংশোধনসহ ১০ দফা সুপারিশমালা পেশ করা হয়েছে।
