এডিবি থেকে বাংলাদেশ প্রতিনিধির অপসারণ নজীরবিহীন ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী: আ.লীগ
ম্যানিলা ভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে বাংলাদেশ প্রতিনিধির অপসারণকে নজীরবিহীন ও লজ্জাজনক উল্লেখ করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বলেছে, এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হলো।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি রোববার এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক পর্যায়েও সরকারের ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং অযোগ্য তল্পীবাহক সরকারি কর্মকর্তাকে এডিবি’র বিকল্প পরিচালক মনোনয়নের ফলে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।
দেশের ভাবমূর্তি বিনষ্টের জন্যে তিনি সরকারকে দায়ী করে বলেন, ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি’র সদস্যভুক্তির পর প্রথম এ ধরণের দু:খ জনক ঘটনা ঘটলো। আর এ ঘটনায় এডিবি’র ৫০টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ঋণ গ্রহিতা হিসেবে দ্বিতীয় স্থান দখলকারী বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি জোট সরকারের ব্যর্থতার নিন্দা জানান।
