আওয়ামী লীগ কোনো পদ্ধতিতেই নরসিংদী-১ উপনির্বাচনে অংশ নেবে না
আওয়ামী লীগ আগামী ২২ জুন অনুষ্ঠেয় নরসিংদী-১ আসনের উপনির্বাচনে অংশ গ্রহন করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাতে দলের সভাপতিমণ্ডলীর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ের এ বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, দলে কোনো ধরনের পদের অধিকারী কেউ-ই এ নির্বাচনে অংশ নেবেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, দল যেহেতু কোনো পদ্ধতেই নির্বাচনে অংশ নিচ্ছে না, সুতরাং দলীয় প্রতীক নৌকা বরাদ্দ সংক্রান্ত কোনো কথাও ওঠেনি।
বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এবং কাজী জাফরুল্লাহ উপস্থিত ছিলেন।
