অস্ত্র চোরাচালান ও জামাত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড গোপন রাখতেই সরকার হাজারিকাকে হত্যা করেছে: সাবের হোসেন
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেছেন, গিয়াস হাজারিকাকে ক্রসফায়ারে হত্যা করে সরকার চট্টগ্রাম অস্ত্র চোরাচালান ও জামাত-শিবিরের সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে সঠিক তথ্য জানা থেকে জাতিকে বঞ্চিত করেছে।
সাম্প্রতিক ঘটনার ওপর আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গী তুলে ধরে শনিবার সুধাসদনে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সাবের হোসেন বলেন, গিয়াস হাজারিকা চট্টগ্রামে বৃহৎ অস্ত্র চোরাচালানের উৎস এবং জামাত-শিবিরের গডফাদার হিসেবে তাদের সন্ত্রাসী ও সশস্ত্র তৎপরতার মূল অবকাঠামো সম্পর্কে জানতো। এছাড়া গিয়াস আওয়ামী লীগ নেতা সোলায়মান ও ফারুক হত্যার মূল আসামী। তবুও আওয়ামী লীগ মনে করে তার বিচার পাওয়ার অধিকার ছিল। কারণ আওয়ামী লীগ সকল ধরণের বিচারবহির্র্ভূত হত্যার বিরোধী।
তারেক রহমানের আমেরিকা সফরে ডিজিএফআই ও এনএসআই কে সঙ্গী করা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান তার আমেরিকা সফরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই কে সফরসঙ্গী করে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছেন।
