যুবলীগ নেতাদের কাছে নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরলেন মেয়র মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নবনির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী তার নির্বাচনী প্রচারণা ও ব্যাপক গণমানুষের সমর্থন আদায়ে গৃহীত কৌশল বর্ণনা করে জাতীয় নির্বাচনে এগুলো কাজে লাগানোর পরামর্শ দিলেন যুবলীগ নেতাদের।
শনিবার সকালে যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সম্প্রতি অনুষ্ঠিত সিসিসি নির্বাচনের সার্বিক অভিজ্ঞতা তুলে ধরেন তিনি ।
সিসিসি মেয়র বলেন, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে। মানুষের সুখ দু:খের সাথী থেকে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
রাজধানীর তোপখানা রোডে সিসিসি’র রেষ্ট হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি মেয়রের পরামর্শ অনুসরণের কথা উল্লেখ করে বলেন, আপনার এই বিজয় আমাদের অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে।
তারা বলেন, গত বছরের ২১ আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলার পর আমরা হতাশ হয়ে পড়েছিলাম। সিসিসি নির্বাচনে নাগরিক কমিটির বিজয়ে আপনার মাধ্যমে আমরা নতুন করে সাহস ফিরে পেয়েছি। এই বিজয় আমাদের নতুনভাবে নব উদ্যমে কাজ করার প্রেরণা যোগাবে।
এ সময় যুবলীগ নেতা এ্যাডভোকেট সাইদুর রহমান, ওমর ফারুক চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, ফজলুল হক আতিক, মহিউদ্দিন মহিসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে যুবলীগ, ঢাকা সিটি করপোরেশন শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষে সিসিসি মেয়রকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করা হয়।
