তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের রূপরেখা এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে : আব্দুল জলিল
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী ৭/৮ দিনের মধ্যেই একটি রূপরেখা ঘোষণা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে শুক্রবার বিকেলে দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
আব্দুল জলিল বলেন, সংস্কারের মাধ্যমেই কেবল আগামী নির্বাচন হতে পারবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনের মাধ্যমেই জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।
আওয়ামী লীগের ভোলাহাট উপজেলা সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান, কেন্দ্রীয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, আ’লীগ নেতা জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, আশরাফুল আলম চৌধুরী প্রমুখ।
আব্দুল জলিল আরও বলেন, সরকার দেশের বিচার ব্যবস্থা, সংসদ ও নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিচ্ছে। বিচারপতি নিয়োগে দলীয়করণ করা হচ্ছে। আগের সরকারের ১৯ জন বিচারপতিকে বাদ দিয়ে নতুন করে ১১ জন দলীয় বিচারপতি নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসকদের বানানো হয়েছে দলীয় ক্যাডার।
আব্দুল জলিল বলেন, র্যাব সন্ত্রাস দমনের নামে বিচার বহির্ভুতভাবে যে হত্যাকাণ্ড চালাচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসব হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। তিনি বলেন বর্তমান সরকার উগ্র মৌলবাদীদের আশ্রয় দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। তারা বাংলা ভাই দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে।
তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে এ সরকারকে এক মুহুর্তও ক্ষমতায় থাকতে দেয়া যায় না। তিনি সরকার পতনের আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
