২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ঐক্যজোট কি আবারও এক হচ্ছে?

ইসলামী ঐক্যজোটের বিভক্ত অংশ সমূহের শীর্ষস্থানীয় নেতারা বিভক্তি দূর করে পুনরায় এক হওয়ার বিষয়ে আভাস দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ইসলামী ঐক্যজোটের চারটি অংশের মধ্যে তিনটির মহাসচিব শুক্রবার বিডিনিউজের সাথে আলাপকালে এ বিষয়ে প্রাথমিক উদ্যেগের কথা জানান। তবে, অপর অংশের মহাসচিব মুফতি ফজলুল হক আমিনী এ জাতীয় সম্ভাবনা নাকচ করে দেন।

তাঁর ভাষ্যমতে, একমাত্র তার নেতৃত্বাধীন অংশটি-ই আসল ইসলামী ঐক্যজোট।

ঐক্যজোটের একটি অংশের মহাসচিব মাওলানা ইজাহারুল ইসলাম সিদ্দিকী ঐক্য প্রক্রিয়ার প্রাথমিক কথাবার্তা চলছে বলে বিডিনিউজকে জানান।

তিনি বলেন, এ বিষয়ে আমরা ঘরোয়া প্রচেষ্টা চালাচ্ছি। তবে তা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, বিভক্ত অংশগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি ফর্মুলা বের করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে বেশি কিছু বলার সময় এখনও আসেনি।

আমিনীর নেতৃত্বাধীন অংশটি ছাড়া অন্যদের সাথে এ নিয়ে প্রাথমিক আলাপ চলছে বলে তিনি বিডিনিউজকে জানান।

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক গ্রুপের মহাসচিব মাওলানা আব্দুর রব ইউসুফী ঐক্য প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনার কথা অস্বীকার করলেও জানান, ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য প্রয়োজন।

তবে তা ঐক্যজোটের ভেতর থেকেই শুরু হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

ঐক্যজোট চারভাগে বিভক্ত হওয়ায় চারদলীয় জোটে কারা প্রতিনিধিত্ব করবে-এ প্রশ্নের জবাবে মাওলানা ইউসুফী বলেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন চারদলীয় জোট গঠনের সময় যারা ঐক্যজোটের নেতৃত্বে ছিলেন তারাই আমাদের কাছে গ্রহণযোগ্য।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই শায়খুল হাদীস এবং মুফতি আমিনী যথাক্রমে চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে চারদলীয় জোটে ইসলামী ঐক্যজোটের একমাত্র বৈধ প্রতিনিধি হতে পারেন।

শায়খুল হাদীস গ্রুপ থেকে সম্প্রতি বিচ্ছিন্ন হওয়া অংশের মহাসচিব আহমদ আব্দুল কাদের অবশ্য ঐক্যজোটকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে বলে সরাসরি মন্তব্য করেন।

তিনি বলেন, ঐক্যজোটকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। তবে এটা একদিনের বিষয় নয়। এ জন্য সময় প্রয়োজন।

ঐক্যজোট প্রসঙ্গে চারদলীয় জোটের প্রধান শরীক বিএনপির সাথে অনানুষ্ঠানিক আলাপ চলছে বলেও আব্দুল কাদের জানান।

তিনি আরও জানান, আমরা এখন নিজেদের সাংগঠনিক কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। সাংগঠনিক কাঠামো মজবুত করার পর ঐক্য প্রক্রিয়া নিয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি ফজলুল হক আমিনী এমপি পুনরেকত্রীকরণের কোনও সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ইসলামী ঐক্যজোটের চারটি গ্রুপ, এটাই আমি মানি না। একটি করে দল নিয়ে কিভাবে জোট হয়?

তিনি জানান, একমাত্র আমার নেতৃত্বাধীন অংশেই দল রয়েছে ছয়টি। সুতরাং ঐক্যজোট বলতে এটিকেই বোঝায়।

ঐক্যজোট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যকে তিনি ‘দুঃখজনক এবং অপমানজনক’ বলে মন্তব্য করেন। মাওলানা ইজাহার প্রসঙ্গে মুফতি আমিনী বলেন, আমি তাকে কিছুই মনে করিনা। এমনকি তার নামও নিতে চাইনা।