জমে উঠেছে নরসিংদী-১ উপনির্বাচনের প্রচারাভিযান
আগামী ২২ জুন অনুষ্ঠিতব্য নরসিংদী-১ আসনের উপ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান জমে উঠেছে।
চারদলীয় জোট প্রার্থী খায়রুল কবীর খোকন তার ব্যস্ত প্রচারাভিযান ও জনসংযোগ অব্যাহত রেখেছেন। অন্যদিকে গুজব ছড়িয়েছে, নৌকা প্রতীক না পেলে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী এ্যাডভোকেট আসাদুজ্জামান উপ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী নির্বাচনী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপি’র সদস্য রোকেয়া আহমেদ লাকীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারাভিযান অব্যাহত রেখেছেন। তিনি শনিবার বিকালে শহরের বাজির মোড়ে নির্বাচনি জনসভার আয়োজন করেছেন।
জোট প্রার্থী খায়রুল কবির খোকন বৃহস্পতিবার সকালে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও তিনি শহরের গাবতলী, আমিরাবাদ, পুরানপাড়া এলাকায় জনসংযোগ করেন। ওইদিন বিকালে মাধবদী হাইস্কুল মাঠে জোট প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার।
নির্বাচনে জেতার জন্য খোকনের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক ভিপি শিরিন সুলতানাও স্বামীর পক্ষে প্রচারাভিযান চালিযে যাচ্ছেন।
