গত এক সপ্তাহের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেছেন, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা উচিত।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের নামে প্রহসণ করে আসছে। বিভিন্ন সময় তদন্তের নামে যে সব কমিটি করা হয় সেগুলো ‘আই ওয়াশ’ ছাড়া কিছু নয় বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্ববিদ্যালয়ে সঙ্কটপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতায় তিনি কর্তৃপক্ষকে দায়ী করেন।
বৃহস্পতিবার বিডিনিউজর সাথে একান্ত সাক্ষাৎকারে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার তদন্তে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার তদন্তকাজ পরিচালনা করার কোনও অধিকার নেই বলে তিনি স্বীকার করেন। কেননা তদন্ত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য রয়েছেন, যারা ইতোমধ্যে বিবৃতিতে উল্লেখ করেছেন যে, চারুকলায় হামলার ঘটনার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জড়িত নন।
এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেহেতু শিক্ষক সমিতির বিবৃতিটি চারুকলার শিক্ষকদের অনুকূলে ছিল, তাই এই সমিতির কোন সদস্য দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পক্ষে না থেকে সরকারের পক্ষে এবং রাজনৈতিক ভূমিকা পালন করায় পরিস্থিতি জটিল হয়ে পড়ছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের সুনাম ধ্বংসের জন্য দায়ি করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য দিনের পর দিন সঙ্কটজনক পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
একটি বিশেষ ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করতে সুযোগ করে দেওয়ার জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদাণে ব্যর্থতার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযুক্ত করেন।
সাধারণ শিক্ষার্থীদের দিকটি বিবেচনা না করে সরকারকে তুষ্ট করতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যাকে আরও তীব্রতর করছেন বলে তিনি মন্তব্য করেন।
কর্তৃপক্ষের (উপাচার্য-প্রক্টর) এই মূহুর্তে পদত্যাগ করা উচিত কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে না কাউকে দায়িত্ব স্বীকার করতে হবে।
তিনি বলেন, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে পুলিশি তাণ্ডব ও শিক্ষার্থীদের ওপর একটি ছাত্র সংগঠনের হামলা এড়ানো যেত।
বিএনপি-জামাত সরকার ক্ষমতায় আসার পর অধ্যাপক আরেফীন সিদ্দিক বেশ ক’বার মৃত্যুর হুমকি পান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশী তান্ডবের নিন্দা জানিয়ে বলেন, পুলিশ চারুকলায় ঢুকে পরীক্ষার্থীদের পিটিয়েছে, শিক্ষকদেরকে হয়রানি করেছে এমনকী ছাত্রীদেরকে যৌন হয়রানি করেছে।
চারুকলায় সাধারণ ছাত্র-ছাত্রী কর্তৃক উপাচার্যের অবরুদ্ধ থাকার ঘটনা সম্পর্কে তিনি বলেন, উপাচার্য সেক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে পারতেন যখন উত্তেজিত ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করছিল। এটা বু্িদ্ধমানের কাজ হতো যদি উপাচার্য ছাত্র-ছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতেন।
চারুকলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকার ব্যাপারে তিনি বলেন, আগেরদিন যে চারুকলায় পুলিশ তাণ্ডব দেখালো সেখানেই তার পরদিন তারা প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরকে উদ্ধার করে। সেসময় ছাত্রদলের ক্যাডাররা ছাত্রীসহ কমপক্ষে ৫০জনকে আহত করে।
তিনি সমালোচনা করে বলেন, বেশ কয়েকটি পত্র পত্রিকায় রিপোর্ট এসেছে যে, ভিসি চারুকলা থেকে তাকে উদ্ধারের জন্য ফোন করে ছাত্রদল কর্মীদের ডেকে আনে। এটি যদি সত্য হয় তাহলে তা খুবই লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও রাজনৈতিক দলকে পাহারাদার বা পুলিশের ভূমিকায় অবতীর্ণ হতে দিতে পারে না।
তিনি বলেন, অবস্থাদৃষ্টিতে মনে হচ্ছে ভিসি, প্রো-ভিসি, প্রক্টর নয় ছাত্রদলই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরকম চলতে থাকলে রাজনৈতিক অপরাধই শুধু বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যহত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে শুধুমাত্র এমন প্রতিষ্ঠানকে বোঝায় যা স্কলারের, স্কলারের দ্বারা পরিচালিত এবং স্কলারের জন্য নিবেদিত। এখানে নির্যাতন করার কোনও সুযোগ নেই।
