২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর বিজয়ের পথ ধরে সারা দেশের মানুষকে জোট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 10:34 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বৃহস্পতিবার রাতে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও কমিশনাররা তার সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, চট্টগ্রামবাসী দেখিয়ে দিয়েছে জনগণই মূল শক্তি। তিনি বলেন, চট্টগ্রামের এ বিজয় সারা দেশে বিএনপি জামাত জোট দু:শাসনের কবল থেকে জাতিকে মুক্ত করতে সাহস ও প্রেরণা জোগাবে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র মহিউদ্দিন চৌধুরীও বক্তব্য রাখেন। এসময় মহিলা কমিশনার সহ সিসিসি’র নব নির্বাচিত ৩২ জন কমিশনার, সিলেটের মেয়র বদর উদ্দিন কামরান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা উপস্থিত ছিলেন।

মেয়র মহিউদ্দিন চৌধুরী জানান, শুক্রবার কমিশনারদের নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন।

এর আগে বিকেলে তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে রক্ষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।