৪৫টি সংরক্ষিত নারী আসনে শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে সরকার
জাতীয় সংসদের ৪৫ টি সংরক্ষিত নারী আসনে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সরকার।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিডিনিউজকে বলেন, ‘হাই কোর্টের সাম্প্রতিক আদেশের পর নির্বাচন অনুষ্ঠানে কোন আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমি আশাবাদী।’
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘সংসদের সংরক্ষিত নারী আসনসমূহের নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত।’
সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ৪৫টি সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত করার আইন পাশের পর তার বিরোধীতা করে কয়েকটি মানবাধিকার সংগঠনের দায়েরকৃত রিট পিটিশন হাইকোর্ট গত ৩০ মে খারিজ করে দেয়।
এর আগে হাইকোর্ট ওই রিট পিটিশনে সাড়া দিয়ে নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইকোর্টের সর্বশেষ আদেশের পর এটর্নি জেনারেলের অফিস এ ব্যাপারে আইনগত অবস্থা ব্যাখ্যা করে বুধবার সরকারের কাছে চিঠি পাঠিয়েছে।
সূত্র আরও জানায়, আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবের কাছে আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ গ্রহণের জন্যে বলেছে।
গত ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যদের অনুপাতে প্রতিনিধি নিয়ে জাতীয় সংসদে ৪৫ টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠানের আইন পাশ হয়।
ডিসেম্বরের আট তারিখে এ আইনের ওপর সরকার গেজেট প্রকাশ করে। এর বিরোধীতা করে মানবাধিকার সংগঠনসমূহের রিট পিটিশনের প্রেক্ষিতে আইনটি হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে পড়ে। পরবর্তীতে হাইকোর্ট সবগুলো রিট আবেদন খারিজ করে দেয়।
তবে রিট আবেদনকারীরা জানিয়েছেন, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবেন।
