জোট সরকার র্যাব দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যাযজ্ঞে মেতে উঠেছে: শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার র্যাব দিয়ে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যাযজ্ঞে মেতে উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে বেগম বদরুন্নেসা কলেজ এ্যালামনাই এসাসিয়েশনের দ্বিতীয় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাময়িভাবে র্যাবের কর্মকাণ্ড অনেকের কাছে ভাল মনে হলেও এর পরিণতি হবে ভয়াবহ এবং খুব শিগগিরই তা দেখা যাবে।
শেখ হাসিনা বলেন, আমি প্রধানমন্ত্রী থাকাকালে আমার বাবার খুনিদের গুলি করে মেরে ফেলতে পারতাম। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমি প্রচলিত আইনেই বিচারের ব্যবস্থা করেছিলাম।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, দলীয়করণসহ দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, সারাদেশে ভয়াবহ অস্থিরতা চলছে। এ দুঃসহ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে।
ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপিকা খুরশিদ জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপিকা মনোয়ারা ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিমা খাতুন এবং হোমায়রা মোমেন।
শেখ হাসিনা তার বক্তব্যে নারী উন্নয়নে বিগত আওয়ামী লীগ সরকার আমলে গৃহীত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কথা তুলে ধরেন।
তিনি বলেন, নারীরা সর্বক্ষেত্রেই অবহেলিত, নির্যাতিত এবং নিগৃহীত। তাই নারী উন্নয়নে আমরা নীতিমালা ঘোষণা করেছিলাম। কিন্তু বর্তমান সরকার এর অনেকগুলোই পরিবর্তন করে ফেলেছে। বদরুন্নেসা কলেজের সাবেক ছাত্রী ও ভিপি শেখ হাসিনা তার স্মতিচারণমূলক বক্তব্যে তখনকার নারী শিক্ষা, জাতীয় আন্দোলন ও মেয়েদের ভূমিকার কথা তুলে ধরেন।
