সিএমএম কোর্টে ছাত্রদলের বিরুদ্ধে তিনটি অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শাম্মী আখতার হ্যাপী নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদরত সাধারণ ছাত্র-ছাত্রী ও সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল ক্যাডারদের বিরুদ্ধে মামলা না নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত।
রবি, সোম ও মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চারুকলা ইন্সটিটিউট ও অপরাজেয় বাংলার পাদদেশে সংঘটিত ঘটনায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ এবং প্রচার সম্পাদক আ. আলীম এবং বিশ্ববিদ্যালয় কমিটির প্রচার সম্পাদক আশরাফুর রহমান পৃথকভাবে এ অভিযোগগুলো দায়ের করেন।
চারুকলা ইন্সটিটিউটের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক কাওসার হোসেন টগর, দেবাশীষ পাল, আজহারুল ইসলাম শেখ চঞ্চল ও বাংলা একাডেমীর গবেষক মফিজুল আলমসহ ৪১ জনকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৬ জনকে অভিযুক্ত করা করা হয়েছে।
অন্যদিকে, অপরাজেয় বাংলার পাদদেশে সংঘটিত ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে।
তিনটি অভিযোগই আনা হয়েছে দণ্ডবিধির ৪৪৭/৩১৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭ ও ১৪৭ ধারায় বেআইনী সমাবেশ, আঘাত, গুরুতর আঘাত ও হত্যা প্রচেষ্টার অপরাধ উল্লেখ করে।
জাকির হোসেন মারুফ তার অভিযোগে বলেন, ৩১ মে অপরাজেয় বাংলার পদদেশে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সাতটি ছাত্র সংগঠনের সমাবেশে ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। ছাত্রদল ক্যাডাররা সাতটি সংগঠনের মিছিলে বোমা নিক্ষেপ করে এবং রড, লাঠি ও গাছের ডাল নিয়ে হামলা চালায়। এ হামলার পর ছাত্রী কমনরুম, লাইব্রেরি এবং ক্যান্টিনে আশ্রয় নেওয়া সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর তারা ঝাঁপিয়ে পড়ে এবং হত্যার উদ্দেশ্যে মারধোর করে। এমনকি আহত ছাত্র-ছাত্রীদের হাসপাতালে নেওয়ার পথেও ছাত্রদল ক্যাডাররা হামলা চালায় ও ফাঁকা গুলি ছোড়ে।
আবদুল আলিম তার অভিযোগে বলেন, ২৮ ও ২৯ মে প্রতিবাদরত সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রদলের ক্যাডাররা রড ও লাঠি নিয়ে হামলা চালায়। তারা ছাত্রীদের নির্যাতন করে।
অভিযোগে আরো বলা হয়, ২৯ মে চারুকলায় উপাচার্য এসএমএ ফায়েজকে ঘেরাওকালে ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় সেখানে পরীক্ষার্থী ছাত্র ছাত্রীরাও হামলা থেকে রেহাই পায়নি। এ হামলায় ছাত্রদলের পাশাপাশি চারুকলার শিক্ষক ইস্রাফিল প্রামাণিক রতন, কাওসার হাসান টগর, দেবাশীষ পাল, আজহারুল ইসলামও অংশ নেয়, যা পরদিন বিভিন্ন দৈনিক পত্রিকায় সচিত্র প্রকাশিত হয়।
অভিযোগকারীদের জবানবন্দী শেষে মহানগর হাকিম সৈয়দ মোহাম্মদ মুজিবুল হক অভিযোগ তিনটিকে মামলা হিসেবে গ্রহণ না করে, অর্থাৎ অভিযুক্তদের বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারী পরোয়ানা জারি না করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
