২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নরসিংদী-১ উপনির্বাচনে দলীয় ব্যানারে অংশ না নিলেও স্থানীয়ভাবে নাগরিক কমিটি মনোনীত প্রার্থীকে সমর্থন দেবে। তবে তাকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও দলের প্রেসিডিয়ামের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। দুয়েকদিনের মধ্যে এ সভা অনুষ্ঠিত হতে পারে বলে দলের একজন প্রেসিডিয়াম সদস্য বিডিনিউজকে জানিয়েছেন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।

আওয়ামী লীগ আগামীতে কোনো নির্বাচনই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বলে সভায় ঐকমত্য হয় বলে সূত্র জানায়।

সকাল সাড়ে ১০টা থেকে টানা চার ঘন্টার এই সভায় দলীয় অন্তর্কোন্দল, সকল উপনির্বাচনে অংশ না নেওয়া, আগামী জাতীয় নির্বাচনের জন্য এখনও কার্যত প্রস্তুতি না নেওয়াসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয় বলে সভা সূত্র বিডিনিউজকে জানিয়েছে।

ওয়ার্কিং কমিটির সভায় আওয়ামী লীগের বেশিরভাগ সিনিয়র নেতা আগামী ২২ জুন অনুষ্ঠেয় নরসিংদী-১ উপনির্বাচনে সরাসরি অংশ না নেওয়ার পক্ষে মতামত দিলেও দলের মধ্যম সারির এবং নবীন নেতারা নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে জোরালোভাবে তাদের যুক্তি তুলে ধরেন।

সবার মতামত শোনা হলেও বিষয়টি চূড়ান্ত করা হবে আওয়ামী লীগের পরবর্তী প্রেসিডিয়াম সভায়।

এছাড়া আগামী ৫ জুন নির্ধারিত ওয়ার্কিং কমিটির পরবর্তী সভায় নরসিংদী উপ নির্বাচনে আওয়ামী লীগের করণীয় ও কৌশল নির্ধারণ করা হবে।