আ’লীগের গোল টেবিল আলোচনায় শিক্ষা ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনার আহ্বান
আওয়ামী লীগ আয়োজিত ‘শিক্ষা ক্ষেত্রে সংকট ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
বক্তারা বলেছেন, শিক্ষা ক্ষেত্রে বিশেষত: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ধনী-গরীব ও গ্রাম-শহরের মধ্যে বৈষম্য ক্রমশ বাড়ছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন উপ কমিটি। কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। নুরুল ইসলাম নাহিদের পরিচালনায় গোল টেবিল আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যামলী নাসরিন চৌধুরী।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম, রাবি’র সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, নারী নেত্রী হেনা দাস, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, অধ্যাপক ম আখতারুজ্জামান, অধ্যাপক অজয় কুমার রায়, ডা: নাফিসুর রহমান, আজিজুল ইসলাম ও সুলতান আহমদ।
বক্তারা শিক্ষা ক্ষেত্রের বিরাজমান বৈষম্য নিরসনে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহারের আহ্বান জানান।
আবদুল জলিল বলেন, মাধ্যমিক ও প্রাথমিকসহ শিক্ষার সকল ক্ষেত্রে চলছে নৈরাজ্য। শিক্ষার পরিবেশ ও মান দিন দিন নিচের দিকে নামছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সীমাহীন সমস্যা, প্রাথমিকসহ সকল স্তরেই দক্ষ ও মেধাবী শিক্ষকের অভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে।
তিনি বলেন, সকল প্রকার নিয়ম রীতি ভঙ্গ করে বিএনপি-জামায়াত সরকার শিক্ষা প্রতিষ্ঠানে লোক নিয়োগ দেয়ার এক অশুভ প্রতিযোগিতায় নেমেছে। যা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে।
ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকারি, ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা, এ তিনটি পদ্ধতির কারণে জাতি তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে। প্রাথমিক শিক্ষার জন্য একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ট তৈরি করা দরকার।
ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হয় না। দুর্নীতির কারণে অর্থের উল্লেখযোগ্য অংশ অপচয় হয়। এ ক্ষেত্রে যথাযথ ব্যবহারের দিকে গুরুত্ব দেয়া দরকার।
