২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকে সামনে রেখে ছেলে ভুলানো ধোঁকাবাজির বাজেট দিতে যাচ্ছে সরকার: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার সকল জিনিসের দাম আগাম বাড়িয়ে দিয়ে নির্বাচনকে সামনে রেখে একটি ছেলে ভুলানো ভাঁওতা ও ধোঁকাবাজির বাজেট দিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ ফাঁকিবাজ, ধোঁকাবাজ ও ভাঁওতাবাজদের’ বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। দেশ ও জাতিকে নিয়ে ওরা যেন আর ছিনিমিনি খেলতে না পারে সেজন্য জোট দু:শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে চলমান আন্দোলন এগিয়ে নিন।

বুধবার বিকেলে বিশিষ্ট রাজনীতিক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সরদার আমজাদ হোসেন, জাপা নেতা সৈয়দ একরামুল রসূল এবং বিএনপি’র সাবেক সাংসদ সৈয়দ আহম্মদ রেজা হোসেনসহ জাতীয় পার্টি ও বিএনপি থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের তার দলে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, দেশের বর্তমান ক্রান্তিকালে আপনাদের এ যোগদান ব্যর্থ জোট সরকারের অত্যাচার নির্যাতন, হত্যা-সন্ত্রাস, দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে চলমান ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো জোরদার করবে। প্রতিটি এলাকায় আওয়ামী লীগের পুরনো নেতা কর্মীদের সঙ্গে যোগদানকারীদের ঐক্যবদ্ধ থেকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে যেন কেউ ভোট চুরি করতে না পারে, জনগণের ভোটাধিকার যেন নিশ্চিত হয়, তারা যেন পছন্দমতো সরকার গঠন করতে পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে সরদার আমজাদ হোসেন, দিনাজপুরের সৈয়দ আহম্মদ রেজা হোসেনসহ জাপা ও বিএনপির নেতা-কর্মীরা শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

দীর্ঘ ২০ বছর জাতীয় পার্টি করার পর আবারো আওয়ামী লীগে ফিরে আসার পর অনুভূতি ব্যক্ত করে সরদার আমজাদ বলেন, অতীতের মতো নিবেদিত থেকে নতুন উদ্যোমে কাজ করার অঙ্গীকার নিয়ে আমি আওয়ামী লীগে যোগ দিলাম।