ঠাকুরগাঁওয়ে বিকল্প ধারার মঞ্চ ভাংচুর, পুলিশের বাধার মুখে অন্যত্র সভা
ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউপি’র লহ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার জন্য নির্মিত বিকল্প ধারা বাংলাদেশের মঞ্চ ভাংচুর করে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ডেকোরেশনের বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে গিয়েছে।
বুধবার বিকেল চারটায় লহ্মীরহাট হাই স্কুল মাঠে বিকল্প ধারার এক জনসভায় দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
এ উপলক্ষ্যে মঙ্গলবার রাতে ওই স্কুল মাঠে বাঁশের খুঁটি, টেবিল ও কাপড় দিয়ে সেখানে মঞ্চ তৈরী করা হলে বুধবার সকাল সাড়ে ১০টা সরকারি দলের সন্ত্রাসীরা মঞ্চ ভেঙ্গে ফেলে নিশ্চিহ্ন করে দেয়। এরপর স্থানীয় সরকারী দলের নেতাকর্মীরা ওই মাঠের নিয়ন্ত্রন নিয়ে নেয়। পরে বিএনপির উদ্যোগে সেখানে শহীদ জিয়ার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ওই মাঠে বিকল্প ধারার কোন মঞ্চ তৈরী করা হয়নি বলে দাবি করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছিল।
বর্তমানে সেখানে দাঙ্গা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথম দিকে পুলিশ বাধা দিলে বিএনপি মাঠের পাশে মিলাদ মাহফিল শেষে মিষ্টি বিতরণ করে। এরপর বিকেল ৫টায় পুলিশ পাহাড়ায় বিএনপি পুনরায় আলোচনা সভা শুরু করে।
এরপর বিকেল ৬টায় বিকল্প ধারার গাড়িবহর লক্ষীরহাটে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে ওই মাঠ হতে পাঁচ কিলোমিটার পূর্বে বিকল্প ধারা বাংলাদেশ মুন্সীরহাট এলাকায় জনসভা করে। সভায় বিকল্প ধারা নেতা ফিরোজ এম হাসান বলেন, বিএনপি বুঝে গেছে জোট সরকারের পতন খুব শীঘ্রই, আর এ পতন ঘটবে একমাত্র বিকল্প ধারার মাধ্যমেই।
এদিকে বিকল্প ধারা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই জনসভা অনুষ্ঠানের জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছ থেকে আগেই প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল।
