২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশাকে নিয়ে সংসদ উত্তপ্ত

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার এবং পরবর্তী পদক্ষেপের সরকার জড়িত কি না, এ নিয়ে রোববার অনির্ধারিত বক্তব্যে সংসদ অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

মাগরিব নামাজের বিরতির পর কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে বিষয়টি সংসদে উত্থাপন করেন।

কাদের সিদ্দিকী বলেন, একই ঘরে বসবাসরত স্ত্রীর বিরুদ্ধে স্বামীর দায়ের করা মামলা কতটুকু যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখার বিষয়। একই সঙ্গে তিনি বিদিশার গ্রেফতার পরবর্তী পুলিশের আচরন এবং তার পুত্র এরিককে থানা থেকে বের করে নেওয়ার বিষয়টিও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বিদিশা গ্রেফতার ও পরবর্তী ঘটনাবলীর সঙ্গে সরকারি দলের জড়িত থাকার অভিযোগও উত্থাপন করেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল তার বক্তব্যের জবাব দেন। প্রতিমন্ত্রী বলেন, বিদিশার বিরুদ্ধে দেশের স্বার্থ বিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী এ ঘটনার সঙ্গে সরকারের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে থানা হাজতে বিদিশার সাথে যুক্তিযুক্ত আচরণ করা হয়েছে বলে দাবি করেন।

বিএনপির সদস্য এবাদুর রহমান চৌধুরী এরশাদের দায়ের করা মামলাকে বিধিসম্মত বলে মত প্রকাশ করেন।

কাদের সিদ্দিকী আবারো ফ্লোর নিয়ে প্রশ্ন করে বলেন, সরকার যদি বিদিশার বিরুদ্ধে এ ধরণের অভিযোগের কোনো প্রমান পেয়ে থাকে, তবে তাকে কেনো সেই অভিযোগে গ্রেফতার করা হয়নি।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালত তার নিজস্ব গতিতে কাজ করবে।