২১ আগস্টের গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী ও তার লোকজন জড়িত বলে প্রকৃত তদন্ত হচ্ছে না: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্যে আবারও সরকারকে দায়ি করে বলেছেন, প্রধানমন্ত্রী, তার পরিবার, রাজনৈতিক উপদেষ্টা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নাম বেরিয়ে আসবে বলে ওই ঘটনার প্রকৃত তদন্ত করা হচ্ছে না।
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু স্মরণে রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত শোক সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করে বিদেশি চাপে একে ওকে ধরে নির্যাতন চালানো হচ্ছে। আরমানকে দিয়ে সরকার কী বলিয়ে নিতে চায়?-প্রশ্ন করেন তিনি।
বিএনপি জামাত জোট সরকারকে সন্ত্রাসী ও খুনি আখ্যা দিয়ে তিনি বলেন, অপরাধীরা এখন দেশ চালাচ্ছে। খুনিরা এখন রাষ্ট্র ক্ষমতায়। দেশকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়েছে তারা। দেশে কোনও আইন নেই, বিচার নেই। সাংবিধানিক অধিকারও হরণ করে নিয়েছে তারা। তাই ওদের বিরুদ্ধে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রী গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার পূর্বাপর ঘটনা উল্লেখ করে বলেন, গ্রেনেড হামলার আগের রাতে ধানমণ্ডি ৫ নম্বর রোডে প্রধানমন্ত্রীর বেয়াইয়ের বাড়িতে অস্ত্র খালাস করা হয়। গ্রেনেড হামলা চালানোর পরপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে খুনিদের পালিয়ে যেতে সাহায্য করে পুলিশ।
তিনি বলেন, সিঙ্গাইরের একটি পেট্রোল পাম্পের মালিকের বাড়িতে আসামিদের আশ্রয় দেওয়া হয়। এছাড়া ওই রাতেই বিমান মন্ত্রী চার খুনিকে বিমান বন্দর পার করে দেন। যার ভেতর দুজন হচ্ছে বঙ্গবন্ধুর খুনি। এদের বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট রয়েছে।
শেখ হাসিনা জানান, ওই হামলার জন্যে নাটোরের একটি এলাকায় পরিকল্পনা হয়েছিলো। আর ট্রেনিং দেওয়া হয়েছিলো জামালপুরে।
বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি জামাত জোট সরকার দুর্নীতি ও দলীয়করণে ব্যস্ত। জিনিসের দাম বাড়িয়ে তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। জাতীয় সংসদকেও তারা অকার্যকর করেছে। তিনি বলেন, এ সরকার সন্ত্রাসী খুনিদের মদদ দিয়ে যাচ্ছে। আইনের অঙ্গনকেও তারা কলুষিত করেছে। এমনকি আদালতকে দিয়ে রায় ঘোষণা করিয়ে মিছিল সমাবেশ করার সাংবিধানিক অধিকারও কেড়ে নিয়েছে সরকার।
হেমায়েত উল্লাহ্ আওরঙ্গ এমপিকে ইঙ্গিত করে তিনি বলেন, অ্যাডভোকেট হাবিব হত্যাসহ সন্ত্রাসের জন্যে আমি যাকে বাড়িতে ঢুকতে দিইনা, প্রধানমন্ত্রী তাকে নিয়ে হেলিকপ্টারে করে ব্রিজ উদ্বোধন করতে যান। অপেক্ষায় আছি, প্রধানমন্ত্রী সেই সন্ত্রাসীকে কবে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেবেন।
শেখ হাসিনা বলেন, যে সাজা প্রাপ্ত আসামী রাষ্ট্রপতির দয়ায় দায়মুক্তি পেয়েছিলেন, সেই আসামি যদি আইন মন্ত্রী হয়, তবে সে দেশে মানুষ বিচার পাবে কীভাবে? অপরাধীরা সাজা পাবে কীভাবে? মানুষ শান্তি ও নিরাপত্তা পাবে কীভাবে?
বিদিশার গ্রেফতার ও রিমান্ডের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রী এখন অন্যের ঘর ভাঙ্গারও দায়িত্ব নিয়েছেন। একজন নারীকে এভাবে নির্যাতনের কী উদ্দেশ্য থাকতে পারে?
তিনি বলেন, গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের কারণে বিদিশাকে যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে প্রধানমন্ত্রী পুত্র এনএসআই’র ডিজিকে নিয়ে বিদেশ গিয়ে যে এফবিআই’র সঙ্গে বৈঠক করে আসলো, গোয়েন্দাদের নিয়ে যে তারা ফূর্তি করে-তার কী হবে?
আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ, ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইনজীবী নেতা অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ওজায়ের ফারুক, রহমত আলী এমপি, সৈয়দ রেজাউর রহমান, আব্দুস সবুর, কামরুল ইসলাম, এম. ইনায়েতুর রহিম এবং আব্দুল্লাহ্ আবু।
অনুষ্ঠানে অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চুর বিধবা স্ত্রী জাহান আক্তার এবং তিন শিশু কন্যা মাসিয়ার, মেহেরাব ও মেহেরুন উপস্থিত ছিলেন।
বাচ্চু ১৭ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
