২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামীলীগ-জাসদ নির্বাচন কমিশনের অভিন্ন সংস্কার প্রস্তাব দেবে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নব নির্বাচিত নেতৃবৃন্দ সোমবার সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার ধানমন্ডি কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময়ে নেতৃবৃন্দ দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

উভয় দল পরবর্তী নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের অভিন্ন সংস্কার প্রস্তাব দেবে।

বৈঠকশেষে আয়োজিত যৌথ প্রেস ব্রিফিং-এ উভয় দলের প্রথম সারির নেতৃৃন্দ এ কথা জানান।

ব্রিফিং-এ জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ এবং আওয়ামী লীগের পক্ষে তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এবং ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

আইন অনুযায়ী পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম উল্লেখ না করে আওয়ামী লীগ নেতারা বলেন, তার অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কেননা তিনি এক সময় বিএনপি’র কর্মী ছিলেন।

ব্রিফিং-এ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ কারণেই তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কার জরুরি। তিনি বলেন, আমাদের সমমনা জাসদও এ ব্যাপারে সম্মতি দিয়েছে।

তিনি বলেন, এই বিচারক এক সময় বঙ্গন্ধুর খুনিদের বিচার করতে বিব্রত বোধ করেছিলেন। এখন আমরাও তার অধীনে নির্বাচন করতে বিব্রত বোধ করছি। জোট সরকারের একক সিদ্ধান্তে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচনে কারচুপির জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের কয়েকটি জরুরি সংস্কার সংক্রান্ত আমাদের প্রস্তাব চূড়ান্ত করেছি। তবে খুব শিগগির জাসদের সঙ্গে একটি অভিন্ন প্রস্তাব তৈরি করা হবে।

অভিন্ন জাতীয় কর্মসূচির মাধ্যমে উভয় দল ঐক্যবদ্ধ সরকার পতন আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করে।

এছাড়াও হাসানুল হক ইনু মন্তব্য করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় এবং মূল্য বৃদ্ধির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তোলায় এই সরকারের এখনই পদত্যাগ করা উচিত।

তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্যের পুনরাবৃত্তি করে আগামী অর্থ বছরের বাজেটকে ‘গণবিরোধী ও প্রতারণার দলিল’ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেন।

এছাড়াও ব্রিফিং-এ র‌্যাব দিয়ে বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করায় আওয়ামী লীগ ও জাসদ উভয়েই সরকারের কঠোর সমালোচনা করেন।