স্বামী হিসেবে আমি আর কি করতে পারতাম: দেশে ফিরে এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘বিদিশা আমার সঙ্গে প্রতারণা করেছে। এ কারণে আমি তার বিরুদ্ধে দুটি মামলা করতে বাধ্য হয়েছি। একজন স্বামী হিসেবে আমি আর কি করতে পারতাম?’
ওমরাহ হজ শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিমানবন্দরে জাপার সকল সাংসদ, প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও এরশাদের প্রথম স্ত্রী ও সাংসদ রওশন এরশাদ ছিলেন অনুপস্থিত।
এরশাদ তার তালাকের নোটিশপ্রাপ্ত কারাবন্দী দ্বিতীয় স্ত্রী বিদিশার প্রতি অভিযোগ এনে আবারো বলেন, এক স্বামী থাকা অবস্থায় সে প্রতারণা করে আমাকে বিয়ে করেছে। এ কারণে ৩ জুন ও ৪ জুন আমি তার বিরুদ্ধে দুটি মামলা করেছি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারাই চিন্তা করে দেখুন, সে কতো বড় চিট। তা না হলে কি স্বামী থাকা সত্ত্বেও ‘‘তালাকপ্রাপ্তা” ঘরে টিক চিহ্ন দিয়ে কাবিননামায় সে সই করে আমাকে বিয়ে করে!’
পরে জাপা নেতা বিমানবন্দরের বাইরে উপস্থিত দলের শ’ দুয়েক নেতাকর্মীর এক সমাবেশে খোলা গাড়ি থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় পার্টির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।
তিনি বলেন, আপনারা আমার দ্বিতীয় স্ত্রী বিদিশাকে জানেন। সে আমার সঙ্গে প্রতারণা করায় আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। একজন স্বামী হিসেবে এ ছাড়া আমার আর অন্য কিছু করার উপায় ছিলো না।
এরশাদের দায়ের করা মামলায় বিদিশা গ্রেফতার হওয়ার পর তিনি সৌদি আরব গিয়েছিলেন।
