২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোল তদন্ত দল শিগগিরই ঢাকা আসছে, এফবিআইকে ডাকা হচ্ছেনা

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার কিছু ‘ইতিবাচক ক্লু’ পাবার পর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ‘ইন্টারপোল’ এ বিষয়ে আবারও তদন্ত করতে খুব শিগগিরই ঢাকা আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বুধবার দুপুরে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ২১ আগস্টে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার তদন্তে সহায়তা করতে ইন্টারপোলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এফবিআইকে আমন্ত্রণ জানানো হয়নি ।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এফবিআইকে ডাকার কোনও পরিকল্পনা সরকারের নেই। নিজ উদ্যোগে তারা আসতে চাইলে আমরা স্বাগত জানাব।

প্রতিমন্ত্রী বলেন, “শীর্ষ সন্ত্রাসী আরমান এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে আমরা ২১ আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে কিছু তথ্য পেয়েছি।”

এক প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ইন্টারপোলের দলটি শিগগিরই ঢাকা আসছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, আরমান ও মোখলেছের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে গ্রেনেড হামলার তদন্তে সহায়তা করার জন্য সরকার সোমবার এক ফ্যাক্সবার্তায় ইন্টারপোলকে আমন্ত্রণ জানায়।

পুলিশ এবং মন্ত্রণালয় সূত্র জানায়, ইন্টারপোল সাধারণত কোনও দেশের পুলিশ বাহিনীকে কোনও ঘটনার তদন্ত করতে সাহায্য করে। তারা সরাসরি কোনও ঘটনার তদন্ত করে না।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলায় ২৩ জন নিহত ও ৩০০ জন নেতাকর্মী আহত হওয়ার পর ইন্টারপোল এর আগেও তিনবার বাংলাদেশে এসেছিল।

এদিকে গত ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলার পর এফবিআই’র একটি দলও বাংলাদেশে এসেছিল।

কিবরিয়ার পরিবারের সদস্যরা কিবরিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে এফবিআই পরিচালিত তদন্ত দাবি করেছে।

বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে যে সরকার ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। এছাড়া সরকারই এ হামলার হোতা বলে তারা অভিযোগ করেছে।