পরিবেশের শত্রু বিএনপিকে বৃক্ষ নিধনের দায়ে অভিযুক্ত করা দরকার: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি-জামাত জোটকে ‘বৃক্ষ ও মানুষ নিধনকারী’ আখ্যায়িত করে বলেছেন, পরিবেশের শত্রু বিএনপিকে বৃক্ষ নিধনের দায়ে অভিযুক্ত করা দরকার।
বুধবার বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সুষ্ঠু রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জোট সরকারকে উৎখাত করতে হবে।
এর আগে তিনি ধানমণ্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু ভবন চত্বরে ফলজ, বনজ ও ভেষজ-তিনটি গাছের চারা রোপণ করেন। তিনি দেশবাসীকে কমপক্ষে তিনটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে সারাদেশে গাছ লাগিয়েছিলাম। বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে সৌন্দর্য বৃদ্ধির নামে দলের নেতা কর্মীদের পয়সা কামানোর ব্যবস্থা করতে সমস্ত গাছ কেটে ফেলেছে।
শেখ হাসিনা বলেন, শুধু বৃক্ষ নিধন নয়, ওরা একের পর এক বিনা বিচারে মানুষ হত্যা করে চলেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। জনগণের অর্থ সম্পদ লুট করে তারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে ক্ষুণœ করছে তারা। দলীয়করণ ও দুর্নীতি করতে গিয়ে জাতীয় সংসদ, বিচার বিভাগ, প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বিএনপি-জামাত জোট সরকার।
প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিরোধিতা করে আওয়ামী লীগ প্রধান প্রশ্ন করে বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হলে হত্যা, অত্যাচার নির্যাতন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায় কেন? তিনি বলেন, জোট সরকার দেশের মানুষের কোনো উন্নয়ন করছে না। উন্নয়ন হচ্ছে শুধু প্রধানমন্ত্রী, তার পরিবার, মন্ত্রী, এমপি আর তাদের দোসরদের।
ঘোষিত বাজেটকে গণবিরোধী উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ওরা জানে জনগণের ভোট আর পাবে না। তাই নির্বাচনকে সামনে রেখে বাজেটে থোক বরাদ্দ দিয়ে বিএনপি-জামাতের মন্ত্রী, এমপি ও ক্যাডারদের লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়ায় দেশের গরিব মধ্যবিত্ত মানুষের জীবনে নাভি:শ্বাস উঠেছে। জনগণ এ সরকারকে আর চায় না।
কৃষক লীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট রহমত আলী, আলহাজ্ব রাশেদ মোশাররফ, আব্দুল মান্নান, ড. আব্দুর রাজ্জাক এমপি ও ড. হাসান মাহমুদ।
