লাশের রাজনীতি বন্ধ করুন : মির্জা আব্বাস
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, র্যাবের এনকাউন্টারে নিহত সুমনের মৃত্যু নিয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
সুমনের মা-বাবার ‘খোলা চিঠি’ এ ষড়যন্ত্রের অংশ মাত্র। তিনি লাশের রাজনীতি বন্ধের আহ্বান জানান।
বুধবার এক বিবৃতিতে মন্ত্রী আরও বলেন, এক নব্য রাজনীতিক নিহতের মা বাবার দু:সময়ের দুর্বলতার সুযোগে রাজনৈতিক ফায়দা লোটার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে।
ঢাকা-৬ আসনের এই সাংসদ আরও বলেন, সুমন হত্যা মামলায় আমাকে বিবাদী করার মাধ্যমে এই ‘কুচক্রী রাজনীতিক’ আমাকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। নিহতের মা-বাবাকে দিয়ে এখন ‘খোলা চিঠি’ লিখিয়ে আমার ব্যাপারে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে। একই সঙ্গে ‘রাজনীতির এই খলনায়ক’ আমাকে নিহতের মা-বাবার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্তে লিপ্ত আছে।
বিবৃতিতে তিনি রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে অপরের চরিত্র হননের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
