২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তঃকোন্দল ও ‘সংগঠন বিরোধী’ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আ. লীগ

সারাদেশে নেতৃত্বের অন্তঃকোন্দলকে সরকার বিরোধী আন্দোলনের অন্যতম অন্তরায় হিসেবে চিন্থিত করে ‘সংগঠন বিরোধী’ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

দলের কার্য নির্বাহী সংসদ (ওয়ার্কিং কমিটি) শুক্রবার টানা চার ঘন্টার বৈঠকে বিভিন্ন পর্যায়ে সৃষ্ট অন্তঃকোন্দল তথা ‘সাংগঠনিক সংকট’ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০টায় সভার কাজ শুরু হয়। দলীয় প্রধান ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানান, ওয়ার্কিং কমিটির জরুরি সভায় সংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং দলীয় শৃংখলা ভাঙ্গার অভিযোগে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল আজিজ মোল্লা, শহর শাখার সাবেক সম্পাদক খ.ম. আব্দুর রহমান রনি ও ক্ষেতলাল থানার সাবেক সভাপতি তাইফুল ইসলাম তালুকদারকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাদের কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না-এ মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

এছাড়া, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগে সৃষ্ট সংগঠনিক সংকট ও অচলাবস্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এ সংকট নিরসনের জন্যে দলের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল জলিল জানান, হবিগঞ্জ জেলা নেতাদের ডেকে সুরঞ্জিত সেনগুপ্ত কেন্দ্রীয় নেতাদের সহযোগিতায় সংকট নিরসন করবে।

রংপুর জেলা ও পৌর আওয়ামী লীগ নেতাদের প্রতি ওয়ার্কিং কমিটির সভা থেকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

আব্দুল জলিল জানান, বিবদমান রংপুর জেলা ও পৌর নেতৃত্ব কেন্দ্রীয় নির্দেশ না মানলে শৃংখলা ভঙ্গকারিদের দল থেকে বহিস্কার করা হবে।

তিনি জানান, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৬ জুন অনুষ্ঠিত না হওয়ার প্রেক্ষিতে তা জুলাইয়ের প্রথম সাপ্তাহে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়ার্কিং কমিটি সদস্য সুধাংশু শেখর হালদারের মৃত্যুতে কেন্দ্রীয় কমিটির শূণ্য পদে দলের ফরিদপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি চূড়ান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-২৩ জুন সকাল সাতটায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত গণ র‌্যালি। পরদিন ১৪ জুন বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা।