নির্বাচন কেন্দ্রিক এ বাজেটে বরাদ্দের ৯০ ভাগ দলীয় ক্যাডাররা লুটে নেবে: সংবাদ সম্মেলনে শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট এবারের বাজেট প্রণয়ন করেছে লুটেরাদের চাপের মুখে। বাজেটে থোক বরাদ্দের শতকরা ৯০ ভাগই সরকারি দলের নেতা ও ক্যাডাররা লুট করবে।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা ও ক্যাডারদের শেষ বছরের লুটপাটের জন্যেই এ বাজেট। গত তিন বছরের মতো জোট সরকারের এ বাজেটও বাস্তবায়নের মুখ দেখবেনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ও দলের অর্থনৈতিক উপপরিষদের চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা আরও বলেন, বিএনপি জামাত জোট সরকার তার চিরাচরিত নিয়মে বাজেটের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে একটি কল্পনাবিলাসী ও ছেলে ভোলানো বাজেট উপস্থাপন করেছে। যেহেতু এ বাজেট জনগণের কোনও কল্যাণ বয়ে আনবে না, বাজেটে ভবিষ্যতের কোনও দিক নির্দেশনা নেই, তাই আওয়ামী লীগসহ প্রতিটি সচেতন নাগরিক জোট সরকারের বাজেট প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, এই গগনচুম্বী অভিলাষের বাজেট আর্থিক খাতে বিশৃঙ্খলা, সীমাহীন দুর্নীতি ও নৈরাজ্যের সৃষ্টি করবে। তাই বাংলাদেশকে ধ্বংস করার এই নীল নকশা আমরা মেনে নিতে পারিনা।
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশ ও জনগণের শত্রু বিএনপি জামাত জোট সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করা হবে। প্রতিষ্ঠা করা হবে জনগণের সরকার।
তিনি জানান, ঘোষিত বাজেটের বিরুদ্ধে আওয়ামী লীগসহ সমমনা ১৪ দল খুব শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা কোনও অন্যায় করিনি। তাই সংসদ থেকে আমরা কেন পদত্যাগ করবো? পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাজেট পেশ করার আগে থেকেই সরকার দফায় দফায় মূল্যবৃদ্ধি করেছে। সাড়ে তিন বছরে পাঁচবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাজেটের সাথে সাথে বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। অথচ, বাজেটে যে সব জিনিসের দাম কমবে বলে উলে−খ করা হয়েছে, তার একটিরও দাম কমেনি। জোট সরকারের প্রতিটি বাজেটের মতো এ বাজেটও জনগণের জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধির আতঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে। বাজেটে দ্রব্যমূল্য বৃদ্ধিকে উস্কে দিয়ে নতুন করে জনগণের কাঁধে করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত কর আদায় করতে গিয়ে সমাজের সব স্তরের মানুষের ওপরই জোট সরকারের করের ধাক্কা লাগবে। বিশেষ করে ভ্যাটের বিস্তৃতির ফলে সাধারণ মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হবে। তিনি প্রশ্ন করেন, জনগণের কাছ থেকে জোর করে মহাজনী কায়দায় যে রাজস্ব সংগ্রহ করা হচ্ছে, তা কোথায় খরচ হচ্ছে, কার জন্যে খরচ হচ্ছে ?
বিরোধী দলীয় নেতা বলেন, প্রস্তাবিত বাজেটে আগের বছরগুলোর চেয়ে এ বছর বিদেশ নির্ভরতা বাড়ছে। একই সঙ্গে শর্তের কড়াকড়িও বাড়ছে। সুশাসন, দুর্নীতি দমন, মানবাধিকার ইত্যাদি শর্ত পূরণ না হলে দাতারা দিনদিন আরও বেশি মুখ ফিরিয়ে নেবেন। বাইরে থেকে টাকা না এলে বাজেট কাটছাঁট করতে হবে। ব্যাংক থেকে ঋণ নিতে হবে। এতে বেসরকারি খাত ঋণ কম পাবে। বিনিয়োগ সংকুচিত হবে। বেকারত্ব বাড়বে। তাই বিদেশি অর্থের ওপর নির্ভর করে এ বিশাল বাজেট তৈরি করে সরকার দেশকে অর্থনৈতিক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, পিআরএসপি এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অনুযায়ী চরম দারিদ্র্য ও ক্ষুধা বিমোচনের জন্যে যখন প্রয়োজন ছিল কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি, তখন জোট সরকার তা কমিয়ে কিভাবে দারিদ্র্য বিমোচন করবে?
অর্থমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, তিনি নাকি কৃষি ভর্তুকি ও কৃষিঋণ বাড়াবেন। কিন্তু বরাদ্দ কমিয়ে তা কীভাবে করবেন? তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে কৃষি গবেষণাকে অগ্রাধিকার না দিলে এ খাতের অগ্রগতি বিপর্যস্ত হবে এবং দারিদ্র্য ও ক্ষুধা নিরসনের অঙ্গীকার অপূর্ণ থেকে যাবে।
তিনি বলেন, শিক্ষা এবং প্রযুক্তি খাতে অর্থমন্ত্রী শুভঙ্করের ফাঁকি দিয়েছেন। বাজেট উপস্থাপনের সময় গৎবাঁধা বুলি হিসেবে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও বাস্তবে এর প্রায় সবটাই খরচ হবে বেতন-ভাতা ও নির্মাণে। শিক্ষার মান উন্নয়নে এর কোনও ভূমিকা থাকবেনা। এই বাজেটকে মূলত সরকারি দলের ক্যাডারদের ঠিকাদারী ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে।
আওয়ামী লীগ প্রধান বলেন, জোট সরকার গ্রামীণ অর্থনীতিতে ধস নামিয়েছে। প্রস্তাবিত বাজেটে গ্রাম সরকার খাতে ষাট কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। গ্রাম সরকারের জন্যে বরাদ্দ এই বিপুল পরিমাণ টাকা বিএনপি-জামাতের টাউট ও ক্যাডারদের পেট ভরানোর জন্যেই জনগণের পকেট থেকে নেয়া হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালী কাঠামো ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার কোন উদ্যোগ নেওয়া হয়নি।
শেখ হাসিনা বলেন, গ্রামীণ অর্থনীতি স্থবির হওয়ায় দেশে চলছে এক ধরনের নীরব দুর্ভিক্ষ। পেটের দায়ে মা কোলের সন্তানকে বিক্রি করছে অথবা আত্মহত্যা করছে। অথচ গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার কোনও নির্দেশনা দিতে অর্থমন্ত্রী ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, বাজেটে বিদ্যুৎ-জ্বালানি খাতে হতাশাজনক বরাদ্দ দিয়ে অর্থমন্ত্রী ফাঁকা বুলি আউড়েছেন। এই সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বৃদ্ধি করতে পারেনি।
বিএনপি-জামাত জোট সরকার পরিসংখ্যানকেও বিকৃত ও দলীয়করণ করেছে-এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন, ২০০৩-০৪ সালে প্রবৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ। অর্থমন্ত্রী হঠাৎ করে এটিকে ছয় দশমিক ২৭ শতাংশে উন্নীত করেছেন। এই সর্বনাশা খেলা আমাদের পরিসংখ্যান ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে বিপর্যস্ত করবে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর প্রতিবছরই মূল্যস্ফীতি বাড়ছে। অথচ মানুষের আয় বাড়ছেনা। আওয়ামী লীগ শাসনামলের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে শতকরা ৪০ ভাগ, যা এই বাজেটের পর আরো বাড়বে। অন্যদিকে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর কারণে আমদানি ব্যয় ২৫ শতাংশ বেড়েছে। ফলে ডলারের বাজারে সংকট দেখা দিয়েছে। আবার বিপুল অর্থের লাগামহীন লুটপাট মুদ্রাস্ফীতিকে আরো বৃদ্ধি করবে।
আশংকা প্রকাশ করে তিনি বলেন, একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে বেকারত্ব-সব মিলিয়ে অর্থনীতিতে সৃষ্টি হবে বড় ধরনের সংকট ।
শেখ হাসিনা বলেন, আমাদের সময় মূল্যস্ফীতি ছিল এক দশমিক ৫৯ ভাগ, যা আজ দুই সংখ্যা অতিক্রমের পথে। এ সংকট থেকে উত্তরণের কোনও দিক নির্দেশনা বাজেটে নেই।
তিনি বলেন, অর্থমন্ত্রী একজন সৎ মধ্যবিত্ত ব্যবসায়ীর এক লাখ ২০ হাজার টাকা আয়ের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ আয়কর ধার্য করেছেন। অথচ কালো টাকা সাদা করতে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ কর নিচ্ছেন। আমার প্রশ্ন, এরপরও কি ক্ষমতাসীনরা তাদের কালো টাকা সাদা করবেন? নাকি বিদেশে অর্থ পাচার অব্যাহত থাকবে?
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সরকার একদিকে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার কথা বলছে, অন্যদিকে ক্ষমতাবানদের জন্যে দুর্নীতির সুযোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, অর্থমন্ত্রী আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর ১২০০ টাকা হারে করারোপ করেছেন। এছাড়া সফটওয়্যার রপ্তানির ওপর ১০% হারে শুল্ক বসিয়ে তথ্যপ্রযুক্তি শিল্পখাত গড়ে উঠার সম্ভাবনাকে শুরুতেই ধ্বংস করতে চাইছেন।
তিনি জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তথ্য প্রযুক্তি খাতে আরোপিত এ কর কমিয়ে দেবে।
বিরোধী দলীয় নেতা বলেন, অর্থমন্ত্রী তার বক্তব্যে পিআরএসপি, দারিদ্র্য বিমোচন আর কর্মসংস্থান সম্পর্কে ফাঁকা বুলি উচ্চারণ করে গেছেন। অথচ, কোন্ কোন্ বরাদ্দ কর্মসংস্থান, আর দারিদ্র্য বিমোচনের জন্যে, এর কোনও হিসেব নেই তার কাছে। আড়াই কোটির মত বেকারের কর্মসংস্থানের জন্যে কোনও দিকনির্দেশনা বাজেটে নেই।
শেখ হাসিনা বলেন, তিন বছরে বিনিয়োগ মোটেই বাড়ছে না। বিনিয়োগের পরিবেশ এই সরকার পুরোপুরি নষ্ট করে দিয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, আইনহীনতা সরাসরি বিনিয়োগ বন্ধ করে দিয়েছে।
তিনি দাবি করেন, দারিদ্র্য বিমোচনের জন্যে খাতওয়ারী বিনিয়োগ নির্দিষ্ট করতে হবে। কীভাবে দারিদ্র্য বিমোচন হয়, তা সনাক্ত করতে হবে। কৃষি ও অকৃষি খাতে গ্রামীণ সেবা এবং প্রক্রিয়াজাতকরণ, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তির প্রসার, অবকাঠামো উন্নয়ন করে গ্রামীণ জীবনে পরিবর্তন এবং শিল্পে বিনিয়োগের সুযোগ সৃষ্টি, বিদ্যুতায়নের মাধ্যমে শিল্প প্রসার ও কর্মসংস্থানের জন্যে দেশব্যাপি কার্যক্রম দরকার। আর এজন্যে প্রয়োজন সুশাসন, দুর্নীতিমুক্ত সরকার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
শেখ হাসিনা বলেন, দেশের সমস্যা হলো জাতীয়তাবাদী বাণিজ্য, দলবাজি ও দলীয়করণ ও প্রতিষ্ঠান ধ্বংসের প্রবণতা। তিনি বলেন, এ পর্বত প্রমাণ সমস্যার কোন স্বীকৃতি যে বাজেটে নেই, সেখানে সমাধানেরতো প্রশ্নই ওঠে না।
