গ্রেনেড হামলার আলামত নষ্ট করে সরকার এখন আওয়ামী লীগকে জড়ানোর ষড়যন্ত্র করছে: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট তালিকা করে নেতা কর্মীদের হত্যা নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।
তাদের এ নীল নক্সার অংশ হিসেবেই গত বছরের ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। আর নৃশংস ওই ঘটনার সকল আলামত নষ্ট করে দিয়ে সরকার এখন আওয়ামী লীগকে জড়ানোর ষড়যন্ত্র চালাচ্ছে।
শনিবার সকালে বিদেশ যাত্রার প্রাক্কালে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ক্যাডার আরমানের কথিত স্বীকারোক্তির মাধ্যমে তদন্ত নিয়ে হঠাৎ করে চাঙ্গা হয়ে উঠেছেন। অথচ ঘটনার পর এফবিআই ও ইন্টারপোলকে তদন্ত কাজে সহযোগিতা করেনি সরকার।
তিনি প্রশ্ন করেন, ওই হামলা ও হত্যাকাণ্ডের মোটিভ কী? ওই ঘটনার মধ্য দিয়ে কে লাভবান হতে চেয়েছিলো?
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে নি:শেষ করে প্রধানমন্ত্রী ও তার পুত্র লাভবান হতেই ওই হামলা চালানো হয়। ওদের প্রতিহিংসার আগুনে গোট দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও এমপিদের তালিকা তৈরী করে একের পর এক হত্যা করা হচ্ছে। হাওয়া ভবনের কম্পিউটার খুঁজলেই এই তালিকা পাওয়া যাবে বলে শেখ হাসিনা উল্লেখ করেন।
আওয়ামী লীগ সভানেত্রী সকাল সোয়া ৮ টায় ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি বিমানযোগে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তাকে বিদায় জানাতে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এগারো দিনের ইউরোপ সফরকালে তিনি ফ্রান্সে ইউরোপিয়ান কাউন্সিল অব পার্লামেন্ট অধিবেশনে যোগদান ছাড়াও যুক্তরাজ্য ও রাশিয়া যাবেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরোপ সফর সম্পর্কে শেখ হাসিনা বলেন, ইউরোপিয়ান কাউন্সিল অব পার্লামেন্ট’র আদলে এশিয়ায় একটি পার্লামেন্টারিয়ান এসোসিয়েশন গঠন করে বাংলাদেশ ও এশিয়া অঞ্চলের দারিদ্র বিমোচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কিভাবে কাজ করা যায় সে লক্ষ্যেই তার এই সফর।
