২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ও সিইসি’র দায়িত্ব পালন ইস্যুতে বিচারপতি এমএ আজিজের ওপর হাইকোর্টের রুল জারি

একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারক ও প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার পদে দায়িত্ব পালন করা কেন অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভুত হবে না, এ ব্যাপারে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য হাইকোর্ট শনিবার বিচারপতি এমএ আজিজ ও সরকারের ওপর রুল জারি করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান এবং বিচারপতি মাঈনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১১ জুন আদালত প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ এখনও আপিল বিভাগের বিচারকের দায়িত্ব পালন করছেন কিনা তা এক সপ্তাহের মধ্যে আদালতকে লিখিতভাবে জানানোর জন্য আবেদনকারীদের নির্দেশ দিয়েছিলেন।

আবেদনকারীরা আদালতকে বলেন যে, তারা বিচারপতি এমএ আজিজ এখনও বিচারক পদে বহাল আছেন কিনা এবং বেতন পাচ্ছেন কিনা তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে লিখিত ভাবে জানতে চেয়েছিলেন। কিন্তু রেজিস্ট্রার এ ব্যাপারে তাদের কোনও জবাব দেননি।

সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এডভোকেট রুহুল কদ্দুস, এডভোকেট আব্দুল মান্নান খান এবং এডভোকেট নাজনীন নাহার দিপু এই রিট আবেদন দায়ের করেন। আবেদনে কোন ক্ষমতাবলে বিচারপতি এমএ আজিজ একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের বিচারকের পদে বহাল আছেন তা জানানোর নির্দেশ চাওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং নির্বাচন কমিশনকে এই মামলার বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে এর আগে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণের সময় বিচারপতি এমএ আজিজ যে শপথ গ্রহণ করেছিলেন এ বছরের ২৩ মে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে তিনি তা লংঘন করেছেন।

আবেদনে আরও বলা হয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিচারপতি এমএ আজিজ সংবিধানের ভুমিকা, ৭, ২২, ৯৪, ৯৬, ৯৯,১০৪, ১০৫, ১০৬, ১০৮, ১১১, ১১২, ১১৭, ১১৮, ১২৬, ১৪৭ ও ১৪৮ ধারা এবং চতুর্থ তফসিলের ৬ নং অনুচ্ছেদ লংঘন করেছেন।

আবেদনকারীরা বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণের পর বিচারপতি এমএ আজিজ সংবিধানের অধীনে আপিল বিভাগের জজ হিসেবে তার সংবিধানিক দায়িত্ব পালন করছেন না।

আদালতে আবেদনকারীদের পক্ষে এডভোকেট এমআই ফারুকি মামলা পরিচালনা করেন। তাকে সহায়তা করেন এডভোকেট সেলিম উল্লাহ এবং এডভোকেট এমকে রহমান। অন্যদিকে সরকারের পক্ষ্যে ডেপুটি এটর্নি জেনারেল জামান আখতার বুলবুল মামলা পরিচালনা করেন ।