খুলনার উন্নয়নের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত
এ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে খুলনার উন্নয়নে বরাদ্দ না থাকায় সর্বস্তরের জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে এ হরতাল পালিত হয়। জেলার স্থানীয় রাজনৈতিক দলসমুহ, বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন এ হরতালের প্রতি সমর্থন দেয়।
নগরীতে সকাল থেকে বিভিন্ন সংগঠন তাদের ব্যানারে খন্ড খন্ড মিছিল বের করে। বেলা ১২ টায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পেশাজীবী এবং সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে বিশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের পূর্বে নগরীর পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হায়দার গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেখ আশরাফ উজ জামান, শেখ হারুনুর রশিদ, নজরুল ইসলাম মঞ্জু, মিজানুর রহমান মিজান, আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রমুখ নেতারা।
সমাবেশ থেকে বক্তারা পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, বন্ধ মিল কারখানা চালু, বিমানবন্দরের কাজ সম্পন্ন করা, ওয়াসা স্থাপন, মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন ইত্যাদি দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখার দাবি জানানো হয়।
